
মাম্পি দাসকে সাময়িক স্বস্তি দিল হাইকোর্ট
শেষ আপডেট: 16 May 2024 16:41
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার নির্ধারিত বেঞ্চেই হবে সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালী দাস ওরফে মাম্পির মামলার শুনানি। জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে মাম্পিকে সাময়িক স্বস্তিও দিয়েছে আদালত। জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে আপাতত নিম্ন আদালতে নতুন করে কোনও মামলা করতে পারবে না পুলিশ।
নতুন কোনও মামলা দিয়ে তাঁকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মাম্পি দাস। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত নিম্ন আদালতে তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা করা যাবে না। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন মাম্পি দাস। তাঁর বিরুদ্ধে একটি ধারা যুক্ত করার পাশাপাশি তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে রাজ্য। আগামীকাল, শুক্রবার পর্যন্ত নিম্ন আদালতে সেই আবেদন কার্যকর করা যাবে না বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি সিনহা।
সন্দেশখালি নিয়ে যে কটি ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে একটিতে বিস্ফোরক দাবি করেছেন এক মহিলা। বলেছেন, সাদা কাগজে সই করিয়ে পরে সেখানে ধর্ষণের অভিযোগ লেখানো হয়েছিল। এবং তা করিয়েছিলেন মাম্পি দাস। এই ঘটনায় তাঁকে প্রথমে তলব করেছিল পুলিশ। তবে গত মঙ্গলবারই বসিরহাটের মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি। জামিন চাইলে তা তো মেলেনি, উল্টে ৭ দিনের জেল হেফাজতে গেছেন মাম্পি।
বৃহস্পতিবার হাইকোর্টে মাম্পির আইনজীবী দাবি করেন, জামিন চাইতে গিয়ে গ্রেফতার হয়েছেন তাঁর মক্কেল। প্রথমে জামিন যোগ্য ধারা দেওয়া হলেও পরে তা পাল্টে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়। তাই এই গ্রেফতারি বেআইনি বলে দাবি করেছেন তিনি। মাম্পির আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি রাজ্যের এজির বক্তব্য শুনতে চান। তিনিই জানান, শুক্রবার পর্যন্ত পুলিশ এই নিয়ে কোনও পদক্ষেপ করবে না।
সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে মহিলাদের আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন রেখা পাত্র, মাম্পি দাসরা। কিন্তু ভোটের মাঝে সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপির উপর চাপ বেড়েছে। কারণ, সেইসব ভিডিওতে দাবি করা হয়েছে, সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো। পরে মিথ্যে মামলা তুলতে গেলে হুমকিও দেওয়া হয়েছে। যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।