
শেষ আপডেট: 30 January 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্রপুরের বলরামপুর স্কুলের মামলায় আবারও গ্রেফতারির নির্দেশ। আগামী দুদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে এসপিকে। পাশাপাশি তদন্তে কী উন্নতি হয়েছে তা আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে জানাতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
বিচারপতি জানিয়েছেন, শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে মাধ্যমিক পরীক্ষার পর ৭ দিনের মধ্যে তদন্ত করে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করতে হবে আদালতে। অডিট রিপোর্ট খতিয়ে দেখতে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। যদি কিছু খামতি থাকে, তাহলে পরে আদালত নতুন অডিটর নিয়োগ করতে পারে।
এদিকে গ্রেফতারির নির্দেশ আসার পর এসপি আদালতে জানান, ডিএসপির নেতৃত্বে একটা টিম কাজ করছে। এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। আগামী দুদিনের মধ্যে আশা করা হচ্ছে, ইতিবাচক ফল পাওয়া যাবে এবং মূল অভিযুক্তদের গ্রেফতার করা যাবে।
তবে এই ঘটনায় এখনও আতঙ্ক রয়েছে ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। এদিন স্কুল শুরুর সময় জয়েনপুর এলাকা থেকে এসকর্ট করে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে নিয়ে আসে পুলিশ। স্কুলের বাইরেও রয়েছে কড়া পুলিশি নজরদারি। তবুও নিরাপত্তার অভাববোধে ভুগছেন শিক্ষকরা। স্কুলের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ছাত্র-ছাত্রীদের অধিকাংশও এদিন স্কুলে আসেনি।