
ফাইল ছবি
শেষ আপডেট: 6 May 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত (CBI) হোক। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়ে এমনই দাবি করেছিলেন মুর্শিদাবাদের (Murshidabad) নিহতদের পরিবার। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। কিন্তু সেই মামলার শুনানি হল না। মৃতদের পরিবারের বক্তব্য শুনলেন না বিচারপতি।
মুর্শিদাবাদের নিহতদের পরিবারের মামলাটি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কারণ সেই বেঞ্চেই মুর্শিদাবাদের অশান্তি সম্পর্কিত মামলার শুনানি হচ্ছে। তাই আলাদা করে এই সংক্রান্ত মামলা শুনতে চাইলেন না বিচারপতি ঘোষ।
ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদে মৃত্যু হয়েছিল পিতা-পুত্র হরগোবিন্দ এবং চন্দন দাসের। তাঁদের পরিবারের তরফেই সম্প্রতি পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ করা হয়েছে। দাবি, পুলিশ তাঁদের হেনস্থা করছে। শুধু তাই নয়, জোড়া খুনের ঘটনার তদন্তে পুলিশের ওপর তাঁদের আস্থা নেই বলে জানানো হয়েছে। তাই মৃতের পরিবার চায় এই ঘটনায় সিবিআই তদন্ত করুক। পাশাপাশি, তাঁদের যাতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়, কলকাতা হাইকোর্টে সেই আর্জিও জানানো হয়েছিল। কিন্তু তীর্থঙ্কর ঘোষ সেই মামলা শুনবেন না বলে স্পষ্ট করেছেন।
হরগোবিন্দ এবং চন্দনের স্ত্রীরা মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় চলে এসেছেন। বিজেপির তরফ থেকে তাঁদের সল্টলেকে থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, পুলিশ তাঁদের জোর করে জেলায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। এই প্রেক্ষিতেই হেনস্থার অভিযোগ তুলেছেন তাঁরা। পুলিশের বিরুদ্ধে এও অভিযোগ উঠেছে, সোমবার সকালে তাঁদের সল্টলেকের বাড়িতে দরজা ভেঙে ঢোকে পুলিশ। জোর করে মৃতদের স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, নিহতদের পরিবার যারা কলকাতায় রয়েছেন তাঁদের জেলা থেকে অপহরণের করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে তাঁদের কাছে। তাই তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই মূলত মুর্শিদাবাদের পুলিশ এসেছে। এর সঙ্গে নিরাপত্তাহীনতার কোনও সম্পর্ক নেই।