
শেষ আপডেট: 19 October 2023 18:57
দ্য ওয়াল ব্যুরো, বনগাঁ: যেন সিনেমার প্লট! জামা কাপড়ের হকারি ছেড়ে হেরোইনের কারবার! গেরস্থ বাড়িতে মাদকের কারবার ফেঁদে বসেছিল এক মহিলা! এমনটাই দাবি স্পেশাল টাস্ক ফোর্সের।
গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা থানার অন্তর্গত বিষ্ণুপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় এসটিএফ। সেখান থেকে প্রচুর পরিমাণ মাদক দ্রব্য সহ মাদক তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। অভিযুক্ত কাকলি রায় সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, তাঁরা এই বিষয়ে কিছুই জানতেন না। স্থানীয় সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিহির বিশ্বাস বলেন, "ওই মহিলা জামাপ্যান্টের হকারি করতেন। ইদানিং বাড়িতে জামাকাপড় তৈরি করতেন বলেও শুনেছিলাম। সেই জামা কাপড়ের আড়ালে যে মাদকের ব্যবসা ফেঁদে বসেছিল, তা ঘুণাক্ষরেও আমরা টের পাইনি।"
এসটিএফ সূত্রের খবর, একটি বাড়িতে জামাকাপড়ের আড়ালে বেশ কিছুদিন ধরে চলছিল ওই কারখানা। গোপন সূত্রে খবরের ভিত্তিতেই এদিন সেখানে তল্লাশি চালানো হয়। চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছেন এসটিএফের কর্তারা।