দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিলেন বুধবার। মোদী তার জবাব দিলেন বৃহস্পতিবার। রাহুল বলেছিলেন, আর মাস ছয়েক বাদেই যুবকরা প্রধানমন্ত্রীকে লাঠি দিয়ে মারবে। এদিন মোদী লোকসভায় বলেন, আমি শুনেছি, বিরোধী নেতা গতকাল বলেছেন, আর ছ’মাসের মধ্যে যুবকরা মোদীকে লাঠিপেটা করবে। আমি স্থির করেছি, আরও ঘন ঘন সূর্যনমস্কার করব। তাতে আমার পিঠ এত শক্ত হয়ে যাবে যে, লাঠিপেটা করলেও ব্যথা লাগবে না।
পরে তিনি বলেন, “গত দুই দশক ধরে আমার নামে এত নিন্দা করা হয়েছে যে, এখন আর গায়ে লাগে না।” রাহুলকে বিদ্রুপ করে মোদী বলেন ‘টিউব লাইট’। রাহুল যখন বলার জন্য উঠে দাঁড়িয়েছেন, মোদী বলেন, আমি ৩০-৪০ মিনিট ধরে বক্তৃতা দিচ্ছি। এতক্ষণে কারেন্ট যথাস্থানে পৌঁছাল। বহুত সা টিউবলাইট অ্যায়সা হি হোতা হ্যায়।
এদিন বেকারত্ব নিয়ে প্রশ্নেরও জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি যখন সরকারের অর্থনৈতিক সাফল্যের বিবরণ দিচ্ছেন, বিরোধীরা চেঁচিয়ে বলেন, বেরোজগারি নিয়ে কিছু বলছেন না কেন? তিনি বলেন, “বিরোধীরা যে আমার ওপরে আস্থা রেখেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ।” পরে হেসে বিরোধীদের উদ্দেশে বলেন, “আমরা চাই, আপনারা বেকার হয়ে থাকুন।” বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা যত কঠিন পরিশ্রম করব, আপনারা তত বেকার হয়ে পড়বেন। আপনাদের করার কিছু থাকবে না।”
মোদীর দাবি, চাকরির সুযোগ তৈরি করা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আমি কৃষকদের থেকে অনেক কিছু শিখেছি। তাঁরা ঠিক সময়ে বীজ বপন করেন। আমি এতদিন মাঠ তৈরি করেছি। এবার বীজ বপন করব।