পুরুলিয়া থেকে দীঘা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার ফলে কোথাও প্রবল বর্ষণ, কোথাও বা ছিটেফোঁটা ঝড়-বৃষ্টি হচ্ছে। তবে আগামিকাল থেকে বৃষ্টির দাপট খানিকটা কমতে পারে বলে মনে করছেন আবহবিদরা।

ছবি- এআই
শেষ আপডেট: 24 August 2025 18:33
দ্য ওয়াল ব্যুরো: একটানা বৃষ্টি আর মেঘলা আকাশ, গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে ছবিটা প্রায় এক (West Bengal Weather)। অগস্টের শেষ সপ্তাহে ভারী বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই ভাগেই সক্রিয় রয়েছে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব। কবে কোন জেলায় বৃষ্টি হবে, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস (Weather Update)।
দক্ষিণবঙ্গে আবহাওয়া
বর্তমানে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের উপর তৈরি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি চলছে। পুরুলিয়া থেকে দীঘা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার ফলে কোথাও প্রবল বর্ষণ, কোথাও বা ছিটেফোঁটা ঝড়-বৃষ্টি হচ্ছে। তবে আগামিকাল থেকে বৃষ্টির দাপট খানিকটা কমতে পারে বলে মনে করছেন আবহবিদরা।
তবে স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি সক্রিয় হলে ২৯ ও ৩০ অগস্ট ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের পূর্বাভাস
উত্তরবঙ্গের অবস্থাও খুব একটা স্থিতিশীল নয়। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পঙে ২৪ ও ২৫ অগস্ট ভারী বৃষ্টি নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকদিন বিরতির পর মাসের শেষ দু’দিনে ফের মুষলধারে বৃষ্টি হতে পারে।
মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। ২৬ থেকে ২৮ অগস্ট পর্যন্ত সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় আগামিকালও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
টানা বৃষ্টিতে তাপমাত্রাও নেমে এসেছে স্বাভাবিকের নীচে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ০.৬ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪.৮ ডিগ্রি কম।