
শেষ আপডেট: 3 January 2021 13:05
পুলিশ জানিয়েছে বেলগাছিয়ার মিল্ক কলোনি এলাকা থেকে ট্রাকে বোঝাই করে মাদক পাচার করার পরিকল্পনা করা হয়েছিল। পুলিশের চোখে ধুলো দিতে ব্যাটারির বাতিল বাক্সে ভরা হয়েছিল হেরোইন ও ইয়াবা। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়ে যায় তারা। ট্রাকটিকেও বাজেয়াপ্ত করা হয়।
এই ঘটনায় ৪৭ বছরের মেহের আলি এবং ২৬ বছরের রবিউল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। দু’জনই অসমের বাসিন্দা। তারাই ট্রাক ভর্তি করে মাদক পাচার করছিল। ট্রাকটি থেকে ২ কেজি হেরোইন উদ্ধার হয়েছে, আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ১০ কোটি টাকা। পাশাপাশি ২ লক্ষ ৩২ হাজার ইয়াবা ট্যাবলেটও পাওয়া গিয়েছে ট্রাক থেকে, যার দাম অন্তত ১১ কোটি ৬০ লক্ষ টাকা। সব মিলিয়ে মোট ২১ কোটি ৬০ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। ধৃত দু'জনকে হেফাজতে নিয়ে চলছে জেরা। বড়সড় চক্রের হদিস মিলতে পারে বলে অনুমান।