
আগামী সাতদিনে আরও গরম পড়বে।
শেষ আপডেট: 25 April 2024 10:04
দ্য ওয়াল ব্যুরো: দহনজ্বালা থেকে এখনই রেহাই নেই। আরও সাত দিন চরম তাপপ্রবাহের জ্বালা সইতে হতে পারে বঙ্গবাসীকে, এমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আলিপুর জানাচ্ছে, , আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে। গোটা দেশেই তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে আগামী কয়েকদিনে। অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গ-সহ আরও ৮ রাজ্যে।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার গরম আরও কয়েক ডিগ্রি বাড়বে। আজ কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। রিয়েল ফিল ৪৫ ডিগ্রি, অর্থাৎ গরমের অনুভূতি হবে ৪৫ ডিগ্রির। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এখনই ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। দুদিন আগেও পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছিল ৪৪ ডিগ্রি, বাঁকুড়াতেও ৪৩-৪৪ ডিগ্রি।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ছাড়া সল্টলেক, দমদম, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, পুরুলিয়া, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া, সিউড়ি, ঝাড়গ্রাম, আসানসোল, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে। মেদিনীপুরে তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ হতে পারে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না যেতে। কলকাতায় দিনভর রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। শুকনো গরম ও অস্বস্তি চরমে পৌঁছবে। বেলা বাড়লে গরম হাওয়ার দাপট বাড়বে। উইকেন্ডে চরমে উঠবে আবহাওয়া। ছিটেফোঁটাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলিতেও তীব্র তাপপ্রবাহ হতে পারে শুক্রবার। শনিবার দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, বীরভূম, হুগলিতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। চরম তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে।
দক্ষিণের মতো উত্তরও জ্বলছে। গরম থেকে রেহাই নেই পাহাড়ি জেলাগুলিও। মালদহে পারদ চড়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বালুরঘাটেও ৪০ ছুঁয়েছে। তাপপ্রবাহও হয়েছে এই দু’জায়গায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও প্রচণ্ড গরম থাকবে বলে জানা গেছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহ চলবে। কাল থেকে মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। হলুদ সতর্কবার্তা শুধু উত্তর দিনাজপুরে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী পাঁচদিনে তাপমাত্রা স্বাভাবিকের ৬ ডিগ্রি সেলসিয়াস উপরে উঠবে। ফলে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে।