
শেষ আপডেট: 23 February 2024 18:14
দ্য ওয়াল ব্যুরো: হৃদযন্ত্রের ব্লাড ভেসেলে রক্ত সঞ্চালন কমছে কিনা তা খতিয়ে দেখতে টেস্ট করতে হবে। তাই নামী বেসরকারি হাসপাতাল অথবা রাজ্যের বাইরেও সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে যেতে হতে পারে। এই প্রেক্ষিতে এবার হাইকোর্টে জামিনের আবেদন করলেন কালীঘাটের 'কাকু'। শুক্রবার মামলাটিতে ইডির মতামত প্রয়োজন বলে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
এর আগে একাধিকবার ফের জামিনের আবেদন করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের 'কাকু'। কোনওবারই মঞ্জুর করেনি আদালত। আগামী ৮ ফেব্রুয়ারি সুজয়কৃষ্ণর জামিন নিয়ে ইডিকে মতামত জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি জামিন আবেদনের মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
দীর্ঘদিন ধরে ইডি হেফাজতে রয়েছেন কালীঘাটের কাকু। তাঁর বাইপাস সার্জারি হয়েছে। বুকে পেসমেকার বসানো আছে। নেফ্রলজি সহ আরও নানাবিধ সমস্যা রয়েছে 'কাকু'র। ইডি তদন্ত, গ্রেফতারি, স্ত্রী বিয়োগ সব মিলিয়ে তার উপর মানসিক চাপ তো রয়েছেই। মানসিক অসুস্থতারও চিকিৎসার প্রয়োজন। এই প্রেক্ষাপটেই একাধিকবার জামিনের আর্জি জানিয়েছেন সুজয়কৃষ্ণ।
গত ৮ ডিসেম্বর থেকে আইসিইউ-তে ভর্তি সুজয়কৃষ্ণ ভদ্র। সম্প্রতি তাঁর মেডিকেল রিপোর্ট আদালতে জমা দিয়েছে এসএসকেএম হাসপাতাল। তাঁকে রিপোর্টে 'আনফিট' বলে উল্লেখ করা হয়েছে। তবে এই রিপোর্ট হাতে পাওয়ার পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তাঁরা তাঁদের বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে সংশ্লিষ্ট রিপোর্ট পরীক্ষা করে দেখবে। এবার বেসরকারি হাসপাতাল কিংবা রাজ্যের বাইরে চিকিৎসার আবেদন জানালেন সুজয়কৃষ্ণ।