
শেষ আপডেট: 21 December 2022 09:06
দ্য ওয়াল ব্যুরো: করোনা (Covid) নতুন করে ছড়াতে শুরু করেছে বিশ্বের নানা দেশে। ভারতে এই সংক্রামক ব্যাধি থাবা বসানোর আগে সতর্কতা অবলম্বন করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সেই উদ্যোগের অংশ হিসাবে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra ) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডভিয়া (Mansukh Mandaviya )।
রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা গতকাল পর্যন্ত ছিল রাজস্থানে। রাহুল এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে গতকাল চিঠি পাঠিয়ে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বিজেপির চার জন সাংসদ তাঁকে চিঠি লিখে ভারত জোড়ো যাত্রা বন্ধ রাখার নির্দেশ জারি করতে আর্জি জানিয়েছেন। সাংসদদের চিঠির প্রেক্ষিতে তিনি অনুরোধ জানাচ্ছেন, কঠোরভাবে করোনা বিধি মানা হোক। নয়তো বন্ধ রাখা হোক যাত্রা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, যাত্রায় তাঁদেরই অংশ নিতে দেওয়া হোক, যাঁদের ভ্যাকসিন নেওয়া আছে। এছাড়া দূরত্ব বিধি অনুসরণ, মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করা হোক।

বিজেপির ওই চার সাংসদই রাজস্থানের। তাঁদের চিঠির ভিত্তিতে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রীর করোনা নিয়ে ভারত জোড়ো যাত্রাকে জড়িয়ে উদ্বেগ প্রকাশে অনেকেই রাজনীতি দেখছেন। গত রবিবার শিলং ও আগরতলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় কয়েক হাজার মানুষকে হাজির করেছিল বিজেপি। দু জায়গাতেই ভিড়ে ঠাসা ছিল ময়দান। কংগ্রেসের একাংশের বক্তব্য, চিনে প্রবলভাবে করোনা ফিরে আসার খবর তখনই জানাজানি হয়েছিল। কিন্তু করোনা বিধি মানা নিয়ে দিল্লির তরফে কোনও সতর্কতা জারি করা হয়নি।
অবশ্য, ভারত জোড়ো যাত্রাকে নিশানা করার বিশেষ একটি কারণ রয়েছে। হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখ্যু রাজস্থানে রাহুলের যাত্রায় অংশ নিয়ে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সুখহু রাহুলের পাশে হেঁটেছেন।
ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল আজ আসছেন হরিয়ানায়। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে রাজস্থান বিজেপির তিন সাংসদের উদ্বেগের কথা জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া কংগ্রেস নেতা রাহুলকে চিঠি লেখেন গতকাল।
রাজস্থানের তিন বিজেপি সাংসদ হলেন - পিপি চৌধুরী, নিহাল চাঁদ এবং দেবজি প্যাটেল। কংগ্রেস আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর চিঠির জবাবে কী প্রতিক্রিয়া দেয় সেটাই দেখার।
শুভেন্দুর সভায় কি কোভিড বিধি মানা হবে? রাহুলকে চিঠি দিলেন মোদীর মন্ত্রী