দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন দশ লক্ষ টাকা জরিমানা করল ডিসান হাসপাতালকে। বুধবার এক যুগান্তকারী রায়ে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী মঙ্গলবারের মধ্যে ৫ লক্ষ টাকা দিতে বলা হয়েছে ডিসান হাসপাতালকে। অবশিষ্ট ৫ লক্ষ টাকা দিতে হবে ১৪ দিনের মধ্যে।
তমলুকের বাসিন্দা, কোভিড রোগী, ৬০ বছরের লায়লা বিবির মৃত্যুর প্রেক্ষিতে এমন রায় দিয়েছে কমিশন। সম্প্রতি ডিসান হাসপাতালের বাইরে অ্যাম্বুল্যান্সের ভিতর ওই মহিলার মৃত্যুর পর তাঁর পরিবার অভিযোগ করে, তিন লক্ষ টাকা অগ্রিম চেয়েছিল হাসপাতাল। পুরো টাকা জমা না করতে পারায় চিকিৎসা মেলেনি। অভিযোগ পাওয়ার পরে এই ঘটনার পর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে স্বাস্থ্য কমিশন। ডেকে পাঠানো হয় উভয় পক্ষকেই।
আজ, বুধবার দু'পক্ষের অভিযোগ ও উত্তর শুনে কমিশন জানায়, ডিসান হাসপাতালের তরফে জানানো হয়েছে ওই রোগীকে অ্যাম্বুল্যান্সেই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছিল। কমিশনের প্রশ্ন, কী এমন হল যে গুরুতর অসুস্থ এক রোগীকে অ্যাম্বুল্যান্স থেকে নামানো গেল না?
এই প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়নি কমিশন। তবে গোটা ঘটনায় ডিসানকে চূড়ান্ত কাঠগড়ায় তুলতে রাজি নয় কমিশন। কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়ের কথায়, "হাসপাতাল কর্তৃপক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা তাঁদের বক্তব্য জানান। তবে যতদিন এই তদন্ত চলবে রোগীভর্তি ক্ষেত্রে এক টাকাও অগ্রিম নিতে পারবেন না ডিসান হাসপাতাল কর্তৃপক্ষ।"
এমনকি রোগী ভর্তির জন্য পঞ্চাশ হাজার টাকার বেশি অগ্রিম না নেওয়ার যে অ্যাডভাইজরি, তাও খাটবে না ডিসানের জন্য। অত্যন্ত কড়া ভাষায় স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন জানিয়েছে, প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তদন্ত চলাকালীন বন্ধই রাখা হবে ডিসান হাসপাতাল। শুধুমাত্র সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে তা করা হয়নি। তবে এই রায়ের পরেও যদি এক টাকাও অগ্রিম নেয় ডিসান তবে সেদিনই হাসপাতাল সিল করে দেওয়া হবে।