
শেষ আপডেট: 11 February 2023 14:34
দ্য ওয়াল ব্যুরো: এক তরুণীর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল দুই যুবকের বিরুদ্ধে। এরপরে দুই যুবককে মাথা মুড়িয়ে (tonsured) গলায় জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগে ৭ জনকে আটক করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) বিজয়পুরা জেলার হেগাডিহালা গ্রামে। সূত্রের খবর, নির্যাতিত দুই যুবক এবং অভিযোগকারীনি একই গ্রামের বাসিন্দা। তিনজনেই মুম্বইতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। পুলিশ জানিয়েছে, সম্প্রতি ওই মহিলা নিজের বাড়িতে ফোন করে জানান, দুই যুবক তাঁকে উত্যক্ত করছেন। এরপরেই তরুণীর বাড়ির লোকজন এবং স্থানীয় কয়েকজন মাতব্বর সিদ্ধান্ত নেয়, ওই দুই যুবককে গ্রামে ডেকে এনে বিচার করা হবে।
সেইমতো মুম্বই থেকে গ্রামে ডেকে পাঠানো হয় ওই দুই যুবককে। গ্রামের মাতব্বররা একটি সালিশি সভা বসিয়ে ঠিক করেন, এর জন্য শাস্তি পেতে হবে দুজনকে। এরপরই তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় গোটা গ্রামে।
ঘটনার কথা চাউর হতেই নড়েচড়ে বসে পুলিশ। সঙ্গে সঙ্গে গ্রামে হানা দিয়ে ঘটনায় জড়িত সাতজনকে আটক করেন তদন্তকারীরা। আইন হাতে তুলে নেওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে থানার তরফে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মায়ের বদলে পড়াচ্ছেন ছেলে, দাদার জায়গায় বোন! এ কী কাণ্ড জলপাইগুড়ির স্কুলে