
শেষ আপডেট: 11 January 2024 14:08
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়লেন প্রাক্তন ডিআই এবং খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়া। বুধবার তমলুকের খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই (মাধ্যমিক) চাপেশ্বর সর্দারকে গ্রেফতার করে সিআইডি।
হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন। সেই এফআইআর এ তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল। ২০১৭ সালে প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়া তাঁর ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলের নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করেছিলেন বলে অভিযোগ। সেই ঘটনায় সিআইডি এই দিন প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার ধৃত দুজনকে তমলুক জেলা আদালতে তোলা হয়। সিআইডি তরফ থেকে ধৃতদের ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানানো হয়েছে। খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়ার বন্ধু তপন শাসমল অবশ্য দাবি করেন, শুভেন্দু হাটুয়া অশোকবাবুর আত্মীয় নন। একই পদবি হওয়ায় বিভ্রান্তি ছড়িয়েছে। তবে তাঁর বক্তব্য, “এই নিয়োগ নিয়ে একটা অভিযোগ উঠেছিল। পরে মামলাটি এসএসসির সঙ্গে জড়িয়ে দেওয়া হয়। এখন আইন আইনের পথে চলবে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।”