দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণকে মহামারী ঘোষণা করল হরিয়ানা সরকার। সে রাজ্যে ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৪ জন। রাজ্য স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সংক্রামিতরা সকলেই বিদেশি পর্যটক। তবে তাঁদের সংস্পর্শ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোগীদের দ্রুত চিকিৎসার জন্য তৈরি রাখা হয়েছে ২৭০টি আইসোলেশন ওয়ার্ড।
হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনীল ভিজ বলেছেন, ভাইরাসের সংক্রমণ সন্দেহে রাজ্যের ৪৪ জনের রক্ত ও দেহরসের নমুনা পাঠানো হয়েছিল ল্যাবোরেটরিতে। তবে ৩৮ জনের শরীরেই ভাইরাসের খোঁজ মেলেনি। কিন্তু সন্দেহের তালিকায় রয়েছেন বাকি ছ’জন। পরীক্ষার রিপোর্ট এলেই সংক্রমণ ছড়িয়েছে কিনা বোঝা যাবে।
হরিয়ানার মানেসরের কাছে চারশো বেডের বিশাল আইসোলেশন ক্যাম্প আগেই তৈরি করেছিল সেনাবাহিনী। আইটিবির সেনা ক্যাম্পেও রয়েছে আইসোলেশন ইউনিট। উহান ও মলদ্বীপ ফেরত মোট ৬৪৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল সেখানে। তাঁদের মধ্যে আড়াইশো জনকে ইতিমধ্যেই বাড়ি ফিরে যেতে দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, হাসপাতাল-নার্সিংহোমগুলির উপর থেকে চাপ কমাতে রাজ্যজুড়ে আরও অনেক আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে ১২০৬টি বেডের মোট ২৭০টি আইসোলেশন ওয়ার্ড তৈরি করার কাজ চলছে বলে জানা গিয়েছে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৭৩। দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, তেলঙ্গানা, কেরলে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। দেশের ২১টি বিমানবন্দরে চলছে বিশেষ থার্মাল স্ক্রিনিং। নজরদারিতে সমুদ্রবন্দরগুলিও। এখনও অবধি স্ক্রিনিং করা হয়েছে মোট ১০ লক্ষ ৫৭ হাজার ৫০৬ জনকে। বিদেশে ভ্রমণ ও বিদেশি পর্যটকদের দেশে আসার ব্যাপারে বিশেষ ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে কেন্দ্র। নির্দেশিকায় বলা হয়েছে অপ্রোয়জনে বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। চিন, ইটালি, ইরান, কোরিয়া, জাপান, ফ্রান্স, স্পেন ও জার্মানিতে যাওয়া এই মুহূর্তে নিষিদ্ধ।
ভাইরাস নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে নিষেধ করা হয়েছে। সংক্রামিত রোগীর নাম ও পরিচয় সামনে আনলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশিকা জারি করেছে পুণে প্রশাসন।