
শেষ আপডেট: 15 April 2023 13:34
দ্য ওয়াল ব্যুরো: কলকাতাকে মিছিলের শহর বলা হয়, কলকাতা বলতেই মনে পড়ে হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘরের মতো দর্শনীয় স্থান। তাছাড়া কলকাতা বলতেই অনেকের মনে উঁকি দেয় রসগোল্লা ও মিষ্টি দই। শুক্রবার ইডেনের ম্যাচ (IPL 2023) শেষে কলকাতার প্রিয় রসগোল্লা (Rasogolla) পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদের শিবিরে। অন্যান্যদের মতো সেই রসগোল্লা খেলেন গতকাল ইডেনের নায়ক হ্যারি ব্রুক (Harry Brook)!
শুক্রবার রাতে ইডেন দেখেছিল হ্যারি ব্রুকের ব্যাটে ওঠা সুনামি। হায়দরাবাদের ওপেনারের খেলা দেখে মুগ্ধ বহু ক্রিকেট প্রেমী। মাত্র ৫৫ বলে ১০০ করেন ইংরেজ এই ব্যাটার।
বলা চলে ব্রুকের এই ইনিংসের ওপর ভর করেই হায়দরাবাদ ২০ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সকে ২২৯ রানের টার্গেট দেয়। রানের পাহাড়ের সামনে পড়ে ধস নামে কলকাতার ব্যাটিং লাইনআপে। যদিও অধিনায়ক নীতিশ রাণা ও রিঙ্কু সিং চেষ্টা করলেও ম্যাচ হারতে হয় কেকেআরকে।
জয়ের পর হায়দরাবাদ শিবিরে ছিল খুশির হাওয়া। কেক কেটে জয় উদযাপন করেন দলের সঙ্গে যুক্ত সকলে। হায়দরাবাদ দলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই দেখা যায় ব্রুককে রসগোল্লা খেতে। শুধু খাওয়ার জন্য খাওয়া নয়, মিষ্টি মুখে দিতেই তাঁর চোখে মুখে ফুটে উঠেছিল তৃপ্তির ছবি।
ব্রুকের এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। ভিডিও দেখে নেটিজেনরা ব্রুককে তাঁর অসামান্য ইনিংসের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি। বন্যা বয়ে গেছে কমেন্ট বক্সে। ম্যাচ শেষে হ্যারি ইডেনে দাঁড়িয়ে বলেন, 'দুর্দান্ত দর্শক। দারুণ উপভোগ করলাম। নিজের উপর চাপ নিয়ে ফেলেছিলাম একটু। সেটাই ফিরে পেলাম।'