
শেষ আপডেট: 8 March 2023 11:40
দ্য ওয়াল ব্যুরো: তিনিই যেন সত্যিকারের সেই মহিলা, যাঁর কাছে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস (World Women Day) বিশেষ অর্থবহ করে। ৮ মার্চ ভারতীয় দলের অধিনায়িকা হরমনপ্রীত কাউরের (Harmanpreet Kaur) জন্মদিন।
ভারতীয় ক্রিকেটের ‘দ্য বিস্ট’ ৩৪ বছরে পা দিলেন। তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলের নেত্রীও বটে। এমন একটি দিনে জন্মেছেন বলে হরমনপ্রীত নিজে গর্বিত। বলেছেন, এমন একটি দিনে জন্মেছি বলে আত্মতৃপ্তিও রয়েছে।
হরমনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলা ক্রিকেটের অন্যতম আইকন ঝুলন গোস্বামী। যিনি এই মুহূর্তে হরমনদের দলের মেন্টর ও বোলিং কোচও। টুইট করে শুভেচ্ছা জানিয়ে ঝুলন লিখেছেন, ‘‘শুভ জন্মদিন হরমনপ্রীত। আমি গর্বিত তোমার সঙ্গে খেলতে পেরে। তোমার এই সাফল্য দেখে আমি সত্যি খুশি। আরও এগিয়ে যাও।’’
শুধু প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাই নন, হরমনকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বহু অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স দলের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে ভারত অধিনায়ককে।

৯ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। ভারতের জার্সি গায়ে ১২৪টি ওডিআই ম্যাচ খেলে করেছেন ৩৩২২ রান। ১৫১টি টি ২০ ম্যাচে করেছেন ৩০৫৮ রান। এছাড়াও মাত্র ৩টি টেস্টে করেছেন ৩৮ রান। হরমনের ঝুলিতে রয়েছে ওডিআইতে ৫টি শতরান এবং ১৭টি অর্ধশতরান। এছাড়াও টি ২০তে রয়েছে মাত্র ১টি শতরান।
ভারতের এই নামী ক্রিকেটার ৮ মার্চ ১৯৮৯ সালে পাঞ্জাবের মোগায় জন্মগ্রহণ করেন। হরমন্দর সিং ভুল্লর যিনি একজন ভলিবল ও বাস্কেটবল খেলোয়াড় এবং সতবিন্দর কাউরের ঘরে জন্মগ্রহণ করেন। স্কুল থেকেই ক্রিকেট খেলা শুরু হরমনের। ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে কেরিয়ার শুরু করেন হরমন। ২০১৪ সালে মুম্বই চলে যান তিনি, যোগ দেন ভারতীয় রেলে।