
শেষ আপডেট: 17 March 2022 14:25
দ্য ওয়াল ব্যুরো: চারদিনের শাস্ত্রীয় সঙ্গীত উৎসব (Behala Classical Festival) ঘিরে সঙ্গীত প্রেমী মানুষের মধ্যে উৎসাহের শেষ নেই। বেহালা শাস্ত্রীয় সঙ্গীত উৎসবে থাকছে একাধিক চমক। বাংলা ছাড়াও সারা দেশের নানান গুণী ব্যক্তিত্ব এই উৎসবে অংশ নিয়ে উৎসবের শোভা বর্ধিত করবেন। চমক এখানেই শেষ নয়।
অনুষ্ঠানের শেষ দিনে থাকছে হরিপ্রসাদ চৌরাশিয়ার (Hariprasad Chaurasia) এক অপূর্ব উপস্থাপনা। শাস্ত্রীয় সঙ্গীতের অনবদ্য অবদানের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হবে বেহালা সাংস্কৃতিক সম্মিলনী আয়োজিত শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রেজেন্ট সর্বোত্তম সম্মান। যা তাঁর মুকুটে যোগ করবে এক নয়া পালক।
ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তাঁর অগাধ টান। বাঁশিই ছিল তাঁর প্রিয় বন্ধু। বাবাকে লুকিয়েই বাঁশি শিখেছিলেন। এলাহাবাদে জন্ম এই মহান ব্যক্তির জীবন প্রথম থেকেই শুরু বাধা। পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হরিপ্রসাদ চৌরাশিয়াকে দেওয়া হচ্ছে সর্বোত্তম সম্মান।
কলকাতা বরাবরই তাঁর কাছে প্রিয় শহর। নানান সময়ে নানান সাক্ষাৎকারে তিনি সেই কথা বলেছেন। শহরের যেকোনও শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে থাকে তাঁর উজ্জ্বল উপস্থিতি। কিন্তু করোনার জন্য এতদিন আসতে পারেননি তিনি। অবশেষে বেহালার শাস্ত্রীয় সঙ্গীত উৎসবে উপস্থিত হতে পেরে স্বভাবতই খুশি তিনিও।
প্রসঙ্গত, জানুয়ারি মাসে এই উৎসব হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায়। আগামী ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে এই উৎসব। চলবে ২২ মার্চ পর্যন্ত। শেষদিনেই এই সম্মান প্রদান করা হবে। বেহালার ব্লাইন্ড স্কুলের মাঠে আয়োজন করা হচ্ছে এই উৎসবের।