
শেষ আপডেট: 19 September 2023 10:45
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার খবরের শিরোনামে কলকাতার হরিদেবপুর। প্রকাশ্য রাস্তায় গায়ে আগুন লাগালেন এক মহিলা। তারপর নিজের প্রেমিকের বাড়ি ঢুকে পড়েন তিনি। দগ্ধ অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে খবর (Haridevpur burning woman died)। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পুলিশের কাছে ওই মহিলা তাঁর প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তাঁর কথায়, সুবীর বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল। দিন কয়েক ধরেই সে ওই মহিলার কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। সেই ঘটনা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। সোমবার প্রতিবাদ জানাতেই নিজের গায়ে আগুন লাগিয়ে দেন ওই মহিলা। তারপর প্রেমিকের বাড়ি যান। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না সুবীর।
পুলিশ সূত্রে খবর, সুবীরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মহিলা। ভবানীপুরে বাসিন্দা ওই মহিলার একটি বছর কুড়ির ছেলেও রয়েছেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মামলার রুজু করে তদন্ত শুরু করেছে। সুবীর এখনও বেপাত্তা, পুলিশ তাঁর খোঁজ শুরু করেছে।
হাওড়া-পাটনা বন্দে-ভারত শুরু হচ্ছে সোমবার থেকেই, দিল্লির সবুজ সঙ্কেত এল