দ্য ওয়াল ব্যুরো: দাঙ্গা বাধানো। অগ্নিসংযোগ। সম্পত্তির ক্ষতি। এইসব অভিযোগে দু'বছরের জেল হল গুজরাতে অনামত পাতিদার আন্দোলনের শীর্ষ নেতা হার্দিক প্যাটেলের। তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হবে। তাঁর দুই সঙ্গী লালজি প্যাটেল ও এ কে প্যাটেলেরও একই শাস্তি হয়েছে।
তিন বছর আগে, ২০১৫ সালের জুলাই মাসে অভিযোগ করা হয়, মেহসানা জেলার বিশনগরে হার্দিক ও তাঁর সঙ্গীরা এক বিজেপি বিধায়কের অফিসে হামলা করেন। তখন তাঁরা সাংবাদিকদেরও আক্রমণ করেছিলেন। ২৩ জুলাই তিনি ফের দাঙ্গাহাঙ্গামা করেন। গুজরাতে প্যাটেলদের জন্য চাকরিতে সংরক্ষণের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে তখন ওই ঘটনা ঘটেছিল।
গতবছর অক্টোবর মাসে বিশনগরের এক দায়রা আদালতে হার্দিক প্যাটেল ও লালজি প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কারণ তাঁরা কোর্টের শুনানিতে হাজির হননি।
এমাসের শুরুতে হার্দিক ঘোষণা করেছেন, চাকরিতে প্যাটেলদের জন্য সংরক্ষণের দাবিতে আগামী ২৫ জুলাই থেকে আমরণ অনশনে বসবেন।