
শেষ আপডেট: 14 November 2022 10:16
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) আগে পাকিস্তান দলকে নিয়ে আশার ফানুস ওড়ানো হয়েছিল। কিন্ত বাস্তবের রুক্ষ্ম জমিতে সেই ফানুস আছড়ে পড়েছে। পাক দলের অধিনায়ক বাবর আজম (Babar Azam) একেবারেই ফর্মে ছিলেন না।
ফাইনাল ম্যাচে শুরুটা ভাল হলেও পঞ্চম ওভারে মহম্মদ রিজওয়ানের আউট হতেই বিপাকে পড়ে যায় বাকি ব্যাটাররা। হ্যারিসের আউটের পর অধিনায়ক বাবর আজমেরও উইকেট হারায় পাকিস্তান। তবে বাবরকে আউট করতে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন আদিল রশিদ। চতুর্থবারের মতো বাবর আজমকে নিজের শিকারে পরিণত করেন রশিদ।
২৮ বলে ৩২ রানের ইনিংস দেখে অবাক হয়েছেন ভাজ্জি (Harbhajan Singh)। তিনি জানিয়েছেন, একটা দলের অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছেন বাবর। তিনি পুরো দলকে চাঙ্গা করতে ব্যর্থ। হরভজন সিং তাই বলেছেন, বাবর আপনি দলের ক্যাপ্টেন, আর আপনিই দলকে ডোবালেন। জাহাজের ক্যাপ্টেন হয়ে আপনি এ কী করলেন!
পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার পরে টিভিতে কথা বলতে হরভজন জানান, বাবরই পুরো দলকে ডুবিয়েছেন। হরভজন বলেন, ‘‘পাকিস্তান ভাল খেলতে পারল না শুধুই দলের অধিনায়কের জন্য। আপনি জাহাজের ক্যাপ্টেন এবং আপনি এমন ব্যাট করতে পারেন না। আপনি আপনার দলকে গভীর সমস্যায় ফেলেছেন।’’
বেন স্টোকসের দুরন্ত ইনিংসের জেরে পাক দলকে হারিয়েছে ইংল্যান্ড। এটি ইংল্যান্ডের দ্বিতীয় টি ২০ বিশ্বকাপ শিরোপা। এর আগে তারা ২০১০ সালে ট্রফি জিতেছিল। বেন স্টোকসের অপরাজিত ৫২ রানই দলকে মসৃণ জয় এনে দিয়েছে।