.webp)
শেষ আপডেট: 5 October 2023 12:50
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বেলা ১১.০৫ মিনিট। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ দফতর নবান্নে ব্যস্ততা তুঙ্গে সরকারি কর্মীদের। এমন সময়ই আচমকা নবান্নের সাততলায় করিডরে হাজির এক প্রাপ্ত বয়স্ক হনুমান!
আচমকা নবান্নে হাজির হনুমান! ৪০ মিনিট ধরে চলল লাফালাফি, দেখুন ভিডিও#Nabanna #Monkey #WestBengal #TheWallBangla pic.twitter.com/7NiCebJ20x
— The Wall (@TheWallTweets) October 5, 2023
যাকে ঘিরে টানা ৪০ মিনিট ধরে রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে যায় নবান্নে। খবর দেওয়া হয় বন দফতরে। অবশেষে তাঁরা এসে হনুমানকে পাকড়াও করে নিয়ে যান। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সমস্ত মন্ত্রী এবং পদস্থ আমলাদের দফতর রয়েছে নবান্নে। এহেন হাই প্রোফাইল প্রশাসনিক দফতরে কীভাবে হনুমান ঢুকে পড়ল তা নিয়েও উঠছে প্রশ্ন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাততলার করিডরের রেলিংয়ে হঠাৎই বসে থাকতে দেখা যায় একটি প্রাপ্ত বয়স্ক হনুমানকে। করিডরের রেলিং ধরে খোশ মেজাজে বসেছিল পবন পুত্র। আচমকা এভাবে হনুমানকে দেখে হকচকিয়ে যান সকলেই। কেউ কেউ ভয়ে দৌড়ে নিজেদের দফতরেও ঢুকে পড়েন।
তবে কয়েকজনকে কৌতুহলী হয়ে এগিয়ে আসতে দেখা যায়। একজন বিস্কুটের প্যাকেট এগিয়ে দেন। রেলিংয়ে বসেই দিব্যি বিস্কুট খায় হনুমান। হনুমানকে ঘিরে শুরু হয় মস্করাও। একজন এগিয়ে এসে জিজ্ঞেস করেন, "এখানে কেন? কিছু বলবি? কোনও দাবি আছে!" শুরু হয় কলার খোঁজও। কেউ টিফিনে কলা এনেছেন কি না, তা নিয়েও শুরু হয় খোঁজখবর।
ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন দন দফতরের কর্তারা। তাঁদের দেখে শুরু হয় হনুমানের লাফালাফি। সাত তলা থেকে একবার তিন তলা, তো আবার তিন তলা থেকে পাঁচ তলা। এভাবেই চলতে থাকে হনুমানের দাপাদাপি। প্রায় ৪০ মিনিট পর তাকে পাকড়াও করেন বন কর্মীরা।
কীভাবে নবান্নের মতো হাই প্রোফাইল জোনে ঢুকল পবন পুত্র? সূত্রের খবর, নবান্নের ১২ তলার ব্যালকনি দিয়েই প্রবেশ করে হনুমান। প্রত্যক্ষদর্শী এক কর্মীর কথায়, "কর্মীরা যেভাবে হেঁটে সিঁড়ি দিয়ে ওঠা নামা করেন সেভাবেই ১২ তলা থেকে হেঁটে বেশ কয়েকটি তলা নামে হনুমানটি। তারপরই প্রচুর লোকজন দেখে সম্ভবত ভয় পেয়ে লাফালাফি শুরু করে সে।"