দ্য ওয়াল ব্যুরো : বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের জন্মশতবর্ষ পূর্ণ হয়। সেই উপলক্ষে এক অনুষ্ঠানে ১৯৮৪ সালের শিখ গণহত্যা নিয়ে মন্তব্য করেন আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, ১৯৮৪ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি ভি নরসিংহ রাও যদি গুজরালের কথা শুনতেন, তাহলে গণহত্যা এড়ানো যেত।
তাঁর কথায়, "১৯৮৪ সালের সেই বিষণ্ণ সন্ধ্যায় গুজরালজি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংহ রাওয়ের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, পরিস্থিতি খুব খারাপ হয়ে উঠেছে। যত তাড়াতাড়ি সম্ভব সেনাবাহিনীকে ডাকা উচিত। সেই পরামর্শ শুনলে সেবার যে গণহত্যা হয়েছিল, তা এড়ানো যেত।"
১৯৮৪ সালে দেহরক্ষীদের গুলিতে খুন হন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তারপর শুরু হয় শিখবিরোধী দাঙ্গা। প্রায় ৩ হাজার শিখ ধর্মাবলম্বী মানুষ খুন হন। কয়েকজন কংগ্রেস নেতার নামে অভিযোগ ওঠে, তাঁরা উত্তেজিত জনতাকে নেতৃত্ব দিয়েছিলেন।
নরসিংহ রাও ১৯৯১ থেকে '৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় মনমোহন সিং ছিলেন অর্থমন্ত্রী। তাঁর আমলেই খোলা বাজার অর্থনীতি চালু হয়।
মনমোহন বুধবার বলেন, ১৯৭৫-৭৭ সালে জরুরি অবস্থার পরে তিনি গুজরালের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তাঁর কথায়, "গুজরালজি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। পরে তাঁকে যোজনা কমিশনে পাঠানো হয়। আমি তখন অর্থমন্ত্রকের উপদেষ্টা ছিলাম। তখনই গুজরালজি আমার বন্ধু হয়ে ওঠেন।"
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গুজরালের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ১৯৯৮ সালে গুজরাল সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়ে কংগ্রেস ভুল করেছিল। সেই সিদ্ধান্ত না নিলে বিজেপির ক্ষমতায় আসতে আরও দেরি হত।