তৃণমূলের অভিযোগ, বিএসএফের (BSF) গাফিলতিতেই এই ধরনের ঘটনা ঘটছে। অন্য দিকে বিজেপির দাবি, ভোটের স্বার্থে শাসকদলই অনুপ্রবেশকারীদের ‘খোলা রাস্তা’ দিয়েছে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 3 December 2025 20:22
দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) ঘিরে উত্তেজনার মধ্যেই ফের অনুপ্রবেশ নিয়ে চাঞ্চল্য। বাংলাদেশি নাবালিকাকে বিয়ে করে লুকিয়ে দেশে ঢোকানোর অভিযোগে উত্তর ২৪ পরগনার হাবড়ায় গ্রেফতার হলেন এক ভারতীয় নাগরিক (Habra youth arrested for marrying Bangladeshi minor)।
ঘটনাকে কেন্দ্র করে বুধবার তুমুল রাজনৈতিক তরজা ছড়াল। তৃণমূলের অভিযোগ, বিএসএফের (BSF) গাফিলতিতেই এই ধরনের ঘটনা ঘটছে। অন্য দিকে বিজেপির দাবি, ভোটের স্বার্থে শাসকদলই অনুপ্রবেশকারীদের ‘খোলা রাস্তা’ দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত বিশ্বজিৎ বাগচী (৩৯) হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটা এলাকার বাসিন্দা। মাস দুয়েক আগে পাসপোর্ট–ভিসা নিয়ে বাংলাদেশে গেলেও ফেরার পথে আর বৈধ পথে দেশে ঢোকেননি তিনি। অভিযোগ, গোপনে সীমান্ত পেরিয়ে সঙ্গে নিয়ে আসেন বাংলাদেশি নাবালিকা—যার বয়স সবে ষোলো।
জানা গিয়েছে, গোপালগঞ্জের বাসিন্দা ওই নাবালিকাকে সঙ্গে নিয়ে ৯-১০ নভেম্বর পেট্রাপোল সীমান্ত পেরোন বিশ্বজিৎ। বাড়ি না ফিরে প্রথমে বাগদার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন দু’জনে। কয়েকদিন আগে বাড়ি ফিরতেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার টুনিঘাটা থেকে তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদের পর বিশ্বজিৎকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে নাবালিকাকে পাঠানো হয়েছে সরকারি হোমে।
অন্য দিকে, বাংলাদেশি সন্দেহে হিঙ্গলগঞ্জের সাহেবখালি থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, স্থানীয় এক বাসিন্দাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়েছিলেন আনোয়ার মোল্লা নামে ওই ব্যক্তি।
এসআইআর বিতর্কের মাঝেই টানা দুই অনুপ্রবেশ–গ্রেফতার—স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা আরও চড়ছে।