
শেষ আপডেট: 24 May 2022 10:59
দ্য ওয়াল ব্যুরো: জ্ঞানবাপী-শৃঙ্গারগৌরী দেবী মামলা আদালত (Gyanvapi Masjid) গ্রাহ্য কি না সে বিষয়ে রায় দান আরও দু’দিন পিছিয়ে দিলেন বারাণসীর জেলা আদালতের বিচারক একে বিশ্বেশ। আজ মঙ্গলবার মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রায় দানের কথা ছিল আদালতের।
সোমবার বিচারক বিশ্বেশ হিন্দু ও মুসলিম পক্ষের বক্তব্য শোনার পর রায় দান স্থগিত রেখেছিলেন (Gyanvapi Masjid)। আজ ওই মামলার বিষয়ে আদালত জানিয়েছে, মুসলিম পক্ষ কেন মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তুলেছে সে ব্যাপারে তাদের আরও বক্তব্য পরশু শুনবে আদালত।
আরও পড়ুন: পরপর দু'দিন হবু নার্সদের বিক্ষোভে উত্তাল সল্টলেক! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
মুসলিম পক্ষের বক্তব্য, মামলাগুলি আদালতের বিচারকার্যের আওতায় পড়ে না। কারণ, সেগুলি আইনসিদ্ধ নয়। মামলায় দাবি করা হয়েছে, জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Masjid) চত্ত্বরে থাকা শৃঙ্গারগৌরী দেবী মূর্তিকে পুজো করার অনুমতি দিতে হবে।
সেই মামলায় নিম্ন আদালত মসজিদ চত্ত্বরে সমীক্ষার নির্দেশ দিয়েছিল। সমীক্ষা চলাকালে সেখান থেকে একটি শিবলিঙ্গ উদ্ধার হয়েছে বলে হিন্দুপক্ষের দাবি। তারা আর্জি জানিয়েছে, ওই শিবলিঙ্গ পুজো করার অনুমতি দিতে হবে। মামলার এই আর্জি আইন বিরুদ্ধ বলে মুসলিম পক্ষের দাবি।
জেলা আদালতের বিচারক আজ আরও একটি নির্দেশ দিয়েছেন। নিম্ন আদালতের দেওয়া মসজিদ চত্ত্বরে সমীক্ষার নির্দেশ সম্পর্কে এক সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য আদালতকে জানাতে হবে দুই পক্ষকে।