
শেষ আপডেট: 19 November 2022 10:03
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের দেখাদেখি বিজেপি শাসিত অনেক রাজ্যই অপরাধীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া শুরু করেছে। এমন অনেক রাজ্যের মতো অসমের বিজেপি শাসিত সরকারও এবার আদালতে জোর ধাক্কা খেল। গুয়াহাটি হাইকোর্ট রাজ্য পুলিশের বুলডোজার অপারেশন নিয়ে জোরালো আপত্তি তুলেছে (objections to the state police bulldozer operation)। সরকারি আইনজীবীর উদ্দেশে আদালতের বক্তব্য, আইনের বই খুলে দেখান কোন ধারায় পুলিশ এটা করছে।
গুয়াহাটি (Guwahati) হাইকোর্টের প্রধান বিচারপতি আরএম ছায়া এবং বিচারপতি সৌমিত্র সইকিয়ার ডিভিশন বেঞ্চ অসমের নওগাঁ জেলার পুলিশের বিরুদ্ধে ওঠা একটি মামলার শুনানি করছে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় হামলার অভিযোগ আছে। এর আগে ধর্ষণ, মাদক কারবারে যুক্ত অপরাধীদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে অসম পুলিশ। নওগাঁর ঘটনায় অভিযুক্ত হাইকোর্টের দ্বারস্থ হন।
শুনানিতে প্রধান বিচারপতি ছায়া বলেন, এসব সিনেমার পর্দায় চলতে পারে। বাস্তবে এমন সাজা কাউকে দেওয়া যায় না। পুলিশ সুপারের নিন্দা করতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, উনি মনে করলে বুলডোজার অপারেশন নিয়ে ছবি করতে পারেন। কিন্তু পুলিশের হাতে এমন কোনও আইন নেই যে তারা কারও বাড়ি ভেঙে দেওয়া তো দূরের কথা, বিনা অনুমতিতে প্রবেশ পর্যন্ত করতে পারে।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আরও বলে, পুলিশকে মনে রাখতে হবে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বাস করি। পুলিশের কাজ সাজা দেওয়া নয়। সেটা আদালতের এক্তিয়ার।
প্রধান বিচারপতি ছায়া নওগাঁর ঘটনাটির উল্লেখ করে বলেন, তল্লাশি করে পুলিশ একটি নাইন এমএম পিস্তল পেয়েছে। তারজন্য অভিযুক্তের বাড়ি ভেঙে দিতে হবে! এমনও তো হতে পারে যে কেউ ষড়যন্ত্র করে পিস্তলটা রেখে দিয়েছিল। বিচারপতি সইকিয়া সরকারি আইনজীবীর উদ্দেশে বলেন, এইভাবে চলতে থাকলে পুলিশ তো কোনও দিন আমাদের অনুমতি না নিয়ে এজলাসে ঢুকে পড়তে।
আফতাবকে নিয়ে চষা হবে গোটা দিল্লি! শ্রদ্ধার দেহ কোথায় কোথায় ফেলেছে, জানতে মরিয়া পুলিশ