.webp)
শেষ আপডেট: 20 November 2023 18:15
দ্য ওয়াল ব্যুরো: পান, গুটখার পিক তো দূরে থাক, সিঙ্গাপুরের রাস্তায় প্রকাশ্যে এমনি থুতু ফেললেও কী হয় জানেন? এক হাজার টাকা পর্যন্ত জরিমানা! ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮০ হাজার টাকা!
আইনত ভারতেও প্রকাশ্যে পান-গুটখার পিক ফেলা নিষিদ্ধ। কিন্তু ওই পর্যন্তই। আজ পর্যন্ত পান কিংবা গুটখার পিক প্রকাশ্যে ফেলার জন্য এদেশে কাউকে জরিমানার শিকার হতে হয়েছে, এমন নজির নেই। উল্টে একাংশ যাত্রীর বদভ্যাসের জেরে ট্রেন ও রেল স্টেশনের গায়ে লেগে থাকা পান, গুটখার পিক পরিষ্কারে ফি বছরই প্রায় ১২০০ টাকা ব্যয় করতে হয় রেল দফতরকে!
সম্প্রতি তথ্য জানার অধিকারে এক ব্যক্তি এ ব্যাপারে রেলের কাছে জানতে চেয়েছিলেন। তাঁকে দেওয়া চিঠিতে এই পরিসংখ্যান জানিয়েছে রেল। যা প্রকাশ্যে আসতে রীতিমতো শোরগোল পড়েছে জনমানসে। তাঁদের বক্তব্য, পান, গুটখায় আসক্ত একাংশ যাত্রীর বদভ্যাসের দায়ভার বছরের পর বছর রেল কেন বহন করবে? সাধারণত, ট্রেনের বগিতে ধূমপান নিষেধ। ধরা পড়লে সর্বোচ্চ জরিমান ২ হাজার টাকা, প্রয়োজনে জেল হেফাজতেরও নির্দেশ রয়েছে।
সাধারণ যাত্রীদের মতে, ধূমপানের মতো এবার থেকে রেলের বগি কিংবা রেল স্টেশনেও পান বা গুটখার ক্ষেত্রেও কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হোক। ধূমপানের মতো এক্ষেত্রেও ধরা পড়লে সর্বোচ্চ জরিমান ২ হাজার টাকা, প্রয়োজনে জেল হেফাজতেরও নির্দেশ দেওয়া হোক। তাতে পরিস্থিতির অনেকখানি বদল ঘটবে বলেই মনে করছেন তাঁরা।
লোকাল ট্রেন হোক কিংবা দূরপাল্লার, কিছু যাত্রীকে পান বা গুটখা খেতে দেখা যায়। নির্লিপ্তভাবে বগি থেকে পিক ফেলেন তাঁরা। এর ফলে শুধু ট্রেনের বগি বা স্টেশনই নোংরা হয় তা নয়, সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। বহু ক্ষেত্রে চলন্ত ট্রেন থেকে এভাবে পিক ফেলার ফলে সহযাত্রীদের গায়েও পড়ে সেই পিক। যা নিয়ে মাঝে মধ্যে অশান্তির ঘটনাও ঘটে।
সাধারণ রেল যাত্রীদের মতে, "যাত্রীদের একাংশের বদভ্যাসের খেসারত রেলকে কেন দিতে হবে? পান, বিড়ির মতো পান বা গুটখার পিকও ট্রেন বা রেল স্টেশনে কঠোরভাবে নিষিদ্ধ করা হোক।"
রেলের পদস্থ এক কর্তার কথায়, "বিষয়টি নিয়ে ইতিমধ্যে একপ্রস্থ আলোচনাও হয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।"