দ্য ওয়াল ব্যুরো : কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারে মৃত্যু নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি হিতেশ্চন্দ্র আওয়াস্থি। তিনি বোঝাতে চেষ্টা করেছেন, ভুয়ো সংঘর্ষে বিকাশ দুবে মারা যায়নি। সত্যিই সংঘর্ষ হয়েছিল। কিন্তু ডিজির ওই এফিডেবিটকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
ডিজি লিখেছেন, বিকাশ দুবের বন্দুকের লাইসেন্স ছিল। অর্থাৎ তিনি চলাফেরার সময় কাছে বন্দুক রাখতে পারতেন। প্রশ্ন উঠেছে, একজন গ্যাংস্টার কীভাবে বন্দুকের লাইসেন্স পেতে পারে? বিকাশের বিরুদ্ধে ৬৩ টি ফৌজদারি মামলা ছিল। তার মধ্যে ছিল তোলাবাজি, খুন, ডাকাতি ও অপহরণ। একটি খুনের মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তার পরেও বিকাশের গান লাইসেন্স বাতিল করা হয়নি। তার কয়েকজন সাঙ্গপাঙ্গেরও গান লাইসেন্স ছিল।
হলফনামায় আছে, বিকাশের মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা। প্রশ্ন উঠেছে, তার পরেও তাকে পুলিশে ধরেনি কেন? ডিজি লিখেছেন, ২০০১ সালে গ্যাংস্টারের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়। ২০২০ সালে অভিযোগ ওঠে, সে এক ব্যক্তিকে খুন করার জন্য তুলে নিয়ে গিয়েছিল। তখনই তার মাথার দাম ঘোষণা করা হয়। কয়েকটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, বিকাশ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সে ভাইপোর বিয়েতে উপস্থিত হয়েছে। অনেকে জানতে চাইছেন, যে ব্যক্তির মাথার দাম ঘোষণা করা হয়েছে, সে কীভাবে ভাইপোর বিয়েতে নিমন্ত্রণ খেতে আসতে পারে?
হলফনামায় দেখা গিয়েছে, একটি মামলায় বিকাশ জামিনে মুক্ত ছিল। প্রশ্ন উঠেছে, পুলিশ জামিনের বিরুদ্ধে আদালতে আবেদন করেনি কেন?
ডিজি লিখেছেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বিকাশের সম্পর্কে জেল কর্তৃপক্ষ ভাল রিপোর্ট দিয়েছিল। তাই তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, যে ব্যক্তির বিরুদ্ধে ৬০ টির বেশি মামলা রয়েছে, সে কীভাবে প্যারোলে মুক্তি পায়।
হলফনামায় বলা হয়েছে, ২ জুলাই বিকাশ আট পুলিশকর্মীকে খুন করে। তার আগেই গ্যাংস্টারের বিরুদ্ধে সাতটি খুনের অভিযোগ ছিল। প্রথম অভিযোগ ওঠে ১৯৯২ সালে। শেষবার অভিযোগ করা হয় ২০১৭ সালে। এছাড়া তার বিরুদ্ধে ন'টি খুনের চেষ্টার অভিযোগ ছিল। ওই মামলাগুলিতে পুলিশ কীভাবে তদন্ত করছিল তা ডিজি লেখেননি। সেজন্য প্রশ্ন উঠেছে, পুলিশ কি আদৌ বিকাশের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল?
আট পুলিশকর্মীকে খুন করার পরে উজ্জয়িনীতে বিকাশ ধরা পড়ে। প্রশ্ন উঠেছে, তাকে কানপুরে আনার সময় হ্যান্ডকাফ লাগানো হয়নি কেন? ডিজি হলফনামায় এই প্রশ্নের জবাব দেননি। তিনি শুধু বলেছেন, ১৫ জন পুলিশকর্মী তাকে এসকর্ট করে আনছিলেন।