
শেষ আপডেট: 27 February 2024 20:10
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রবিবার দলের পিকনিক থেকে মধ্যমগ্রামের বাড়ি ফেরেননি। রাত কাটানোর জন্য এক ঘনিষ্ঠের বাড়িতে আশ্রয় নেয় গুমা ১ নম্বর ব্লকের উপপ্রধান বিজন দাস। সেখানেই তাঁকে গুলি করে খুন করে আততায়ী।
এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের নাম তুহিন দত্ত ও পলাশ শর্মা। রাতে তাদের থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপরেই দুজনকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের বারাসত জেলা আদালতে তোলা হয়। অভিযুক্তদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিজনবাবু এক পরিচিতের বাড়িতে উঠেছিলেন। ওই ব্যক্তি তৃণমূলের সমর্থক। ওই তৃণমূল সমর্থক ও তাঁর পরিবারের পাশের বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ ছিল। তাঁরা সপরিবারে সেখানেই গিয়েছিলেন। বাড়িতে ছিলেন ওই ব্যক্তির বৃদ্ধ বাবা ও বিজনবাবু। বাড়ির একতলার একটি ঘরে ঘুমোচ্ছিলেন তৃণমূল নেতা। উপরের তলার ঘরে ছিলেন ওই বৃদ্ধ। গুলি চলার শব্দ শুনে তিনি নীচে নেমে আসেন। বিজনবাবুকে নীচের ঘরে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
মৃতের ঘনিষ্ঠদের দাবি, গৌতম নামে এক প্রোমোটারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল বিজনবাবুর। রবিবার ওই পরিচিত ব্যক্তির বাড়িতে গৌতমের সঙ্গে বিজনবাবুর বচসা হয়। পরে সেই ব্যক্তিরই মধ্যস্থতায় দুজনের ঝগড়া থামে। এরপরই গৌতম ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। তাঁদের অভিযোগ, এই গৌতমই ফের বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছে বিজনবাবুকে। যদিও ঘটনার পর থেকে ওই প্রোমোটার বেপাত্তা হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।