দ্য ওয়াল ব্যুরো : গত ১ মার্চ গুজরাতের ভদোদরা থেকে নর্মদা জেলায় স্ট্যাচু অব ইউনিটি দেখতে গিয়েছিলেন একই পরিবারের পাঁচজন। সেদিন সন্ধ্যায় সিসিটিভিতে তাঁদের দেখা যায় চিলড্রেনস নিউট্রিশান পার্কে ঘুরছেন। এর পর থেকে খোঁজ নেই তাঁদের।
পুলিশ জানিয়েছে, গত রবিবার কল্পেশ পারমার, তাঁর স্ত্রী তৃপ্তি, তাঁর মা ঊষা স্ট্যাচু অব ইউনিটি দেখতে যান। কল্পেশের দুই শিশু সন্তান নিয়তি ও অথর্ব তাঁদের সঙ্গে ছিল। তাঁরা সকাল ১০ টায় বাড়ি থেকে বেরোন। নিজেদের গাড়িতে চড়ে স্ট্যাচু অব ইউনিটির কাছে আসেন। সেখানে নিজেদের ছবি তুলে ফেসবুক ও হোয়াটস অ্যাপে পোস্ট করেন। কল্পেশের পরিবারের বাকি সদস্যরা জানিয়েছেন, তাঁরা আর ফিরে আসেননি। তাঁদের মোবাইলে ফোন করলে বলছে সুইচড অফ।
নিখোঁজ হওয়ার আগে কল্পেশ ফোনে তাঁর ভাইপোকে বলেছিলেন, ভারুচে এক আত্মীয়ের সঙ্গে দেখা করবেন। তারপর ভদোদরায় বাড়িতে ফিরবেন। সোমবার সকালেও কল্পেশরা ফিরছেন না দেখে তাঁর ঠাকুরদা ভারুচে সেই আত্মীয়ের বাড়িতে ফোন করেন। তাঁরা বলেন, কল্পেশরা সেখানে যাননি। কল্পেশকে ফোন করার চেষ্টা করেন অনেকে। কিন্তু তাঁর মোবাইল ছিল সুইচড অফ।
কেভাডিয়া থানার পুলিশ ইনসপেক্টর এ এম পারমার বলেন, তাঁদের শেষবার নিউট্রিশান পার্কের বাইরে দেখা গিয়েছে। আমরা তাঁদের মোবাইলের কল ডিটেল খতিয়ে দেখছি। এখনও পর্যন্ত কোনও সূত্র পাওয়া যায়নি।