
শেষ আপডেট: 31 October 2022 03:25
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের (Gujarat) মরবিতে মাচ্ছু নদীর উপর ব্রিজ ভেঙে পড়ার (bridge collapse) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪১। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে (rescued) ১৭৭ জনকে। নিখোঁজ বহু মানুষ। তাঁদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।
রবিবার সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ ছট পুজোর (chhat puja) প্রার্থনা চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঝুলন্ত ব্রিজটি। সূত্রের খবর, মেরামতির কাজের জন্য গত সাত মাস বন্ধ ছিল সেতুটি। প্রায় ২ কোটি টাকা দিয়ে মেরামতির পর গুজরাতি নববর্ষে, অর্থাৎ গত ২৬ অক্টোবর খুলে দেওয়া হয় ব্রিটিশ জমানায় তৈরি এই সেতু। সূত্রের খবর, ব্রিজটি প্রায় ১৫০ বছর আগে তৈরি করা হয়েছিল।
এদিন ছট পুজো উপলক্ষে ব্রিজটির উপর প্রায় ৫০০ লোকের জমায়েত হয়েছিল। অত্যধিক ভিড়ের চাপ সহ্য করতে না পেরেই ভেঙে পড়ে সেতুটি, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে জলে পড়ে যান উপরে থাকা সমস্ত মানুষ। অনেকে সাঁতরে ডাঙায় ওঠার চেষ্টা করেন। অনেককে বাঁচার চেষ্টায় ভাঙা ব্রিজের রেলিং ধরে ঝুলতে দেখা যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
৪ দিনের সফরে নিজের রাজ্য গুজরাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যে থাকার সময়েই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সন্ঘ্ভি জানিয়েছেন, ঘটনার তদন্ত করার জন্য ইতিমধ্যেই ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
'ফিটনেস সার্টিফিকেট' ছিল না গুজরাতের সেই ব্রিজের, তবু শয়ে শয়ে মানুষের পারাপার!