
শেষ আপডেট: 3 November 2022 07:15
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে গুজরাতে বিধানসভা ভোটের (Gujarat Assembly Election) নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। মোদী-অমিত শাহর রাজ্য গুজরাতে ভোট হবে ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর। ভোটের ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর।
গুজরাত ভোটের নির্ঘণ্ট ঘোষণার জন্য বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এ বারের নির্বাচনে কয়েকপ্রস্থ নতুন ব্যবস্থার কথা জানিয়ে তিনি ঘোষণা করেছেন, ৫ নভেম্বর প্রথম দফার ভোট গ্রহণের জন্য নোটিফিকেশন হবে। দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন পেশের জন্য নোটিফিকেশন জারি হবে ১৪ নভেম্বর।
তবে তাৎপর্যপূর্ণ হল, নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগেই এই সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন বিরোধীরা। কংগ্রেসের সরাসরি অভিযোগ, গুজরাতের ভোটের দিন ঘোষণা করা নিয়ে টালবাহানা করে আসলে বিজেপিকে সুবিধা করে দিয়েছে কমিশন।
এদিন সাংবাদিক বৈঠকেও রাজীব কুমারকে সে বিষয়ে সরাসরি প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি গুজরাত বিধানসভার মেয়াদ শেষ হবে। তার ১১০ দিন আগে সেখানে ভোট করানো হচ্ছে। সুতরাং দেরি হচ্ছে বলে যে অভিযোগ উঠছে তা ঠিক নয়।
রাজীব কুমারের জবাব থেকে এদিন অনেকেরই এই ধারণা হয় যে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এমন আশঙ্কা তাঁর ছিলই। ফলে এই প্রশ্নের জবাবে দীর্ঘ উত্তর দেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, এর আগেও বহুবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। গণতন্ত্রে সেটা অস্বাভাবিক ঘটনা নয়। তবে ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও নিষ্ঠা প্রশ্নাতীত।
রাজীব কুমারকে এই প্রশ্নও করা হয় যে, প্রধানমন্ত্রীর গুজরাত সফরের জন্যই কি ভোটের দিন ঘোষণায় দেরি হয়েছে? হিমাচল প্রদেশের সঙ্গে একই দিনে ভোট কেন ঘোষণা করা হল না? জবাবে তিনি বলেন, এর জবাব আমি আগেও দিয়েছি। বিধানসভার মেয়াদ শেষ হতে অনেক দেরি হয়েছে। কমিশন কোনও দেরি করেনি।