
শেষ আপডেট: 24 April 2022 04:38
দ্য ওয়াল ব্যুরো: ১৪৩টি জিনিসের চলতি কর অর্থাৎ জিএসটি'র (GST) হার বৃদ্ধি করতে চায় কেন্দ্রীয় সরকার। জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকের আগে এই ব্যাপারে রাজ্যগুলির মতামত চেয়েছে তারা।
এই ১৪৩ জিনিসপত্রের মধ্যে আছে রোদ চশমা, পাওয়ার ব্যাঙ্ক, সুটকেস, হ্যান্ড ব্যাগ, কালার টিভি, পারফিউম, হাত ঘড়ি, চকলেট, ঠান্ডা পানীয়, চুইংগাম, পাঁপড় ইত্যাদি (GST)।
আরও পড়ুন: ছয় নাবালক মিলে ১১ বছরের কিশোরীকে গণধর্ষণ! শিউরে ওঠার মতো ঘটনা ঝাড়খণ্ডে
সরকারি সূত্রে জানা গিয়েছে, জিএসটি খাতে আয় বৃদ্ধির লক্ষ্যে এই প্রস্তাব। আয় বৃদ্ধি চায় রাজ্যগুলিও। আসছে জুন থেকে জিএসটি খাতে (GST) কেন্দ্রীয় সরকারের অনুদান পাওয়া বন্ধ হয়ে যাবে রাজ্যগুলির। জিএসটি চালুর সময় ক্ষতিপূরণ বাবদ পাঁচ বছরের জন্য এই অর্থ দেওয়া শুরু হয়েছিল। ফলে রাজস্ব আয় এ বছর থেকে কমে যাবে রাজ্যগুলির।
সেই কারণে রাজ্যগুলির ১৪৩টি পণ্যে কর বৃদ্ধির প্রস্তাবে আপত্তি করার কথা নয়, মনে করছে কেন্দ্র। কিন্তু প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে। সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। চলতি পরিস্থিতির মধ্যে জিএসটির হার বৃদ্ধিতে সব রাজ্য তাই সায় নাও দিতে পারে।
যে ১৪৩টি জিনিসের জিএসটি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে তার ৯০ শতাংশের ক্ষেত্রে বৃদ্ধির হার ১৮ শতাংশ থেকে ২৮ শতাংশ করতে চায় নরেন্দ্র মোদীর সরকার। বাকিগুলির কয়েকটির হার ৫ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। আগামী মাসের গোড়ায় জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক বসার কথা।
তাৎপর্যপূর্ণ হল, আলোচ্য ১৪৩টি জিনিসের অনেকগুলির ক্ষেত্রে অতীতে বিভিন্ন রাজ্যের বিধানসভা ও লোকসভা ভোটের আগে কমানো হয়েছে। এ বছর আগামী নভেম্বর পর্যন্ত দেশে কোনও নির্বাচন নেই। তাই এখনই দাম বৃদ্ধির উপযুক্ত সময় বলে মনে করছে কেন্দ্র।