
হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা - ফাইল ছবি
শেষ আপডেট: 5 November 2024 11:56
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলন হচ্ছে। কলকাতা তথা রাজ্যের বহু জায়গায় অবস্থান-বিক্ষোভ, মিছিল সবই চলছে। অনেক ক্ষেত্রে এসব করার জন্য পুলিশের অনুমতি না মেলায় আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতের অনুমতিতেই সব কর্মসূচি হয়েছে। এবার চাকরিপ্রার্থীরা ফের প্রশাসনের ওপর চাপ দিতে শুরু করল। কর্মসূচি করতে চেয়ে হাইকোর্টে গেল গ্রুপ-ডি ঐক্য মঞ্চ।
নবান্ন বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি করতে চায় গ্রুপ-ডি ঐক্য মঞ্চ। কিন্তু তাঁদের অভিযোগ, এই কর্মসূচির জন্য অনুমতি দেয়নি পুলিশ। এরপরই তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁদের এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। সেই প্রেক্ষিতে আগামী ৭ নভেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আগামী ১১ থেকে ১৩ নভেম্বর নবান্ন বাস স্ট্যান্ডের সামনে অবস্থান-বিক্ষোভ করতে চায় গ্রুপ-ডি ঐক্য মঞ্চ। কিন্তু পুলিশ তাঁদের জানিয়েছে, এখন উৎসবের পরিস্থিতি রয়েছে। তাই এখন এই ধরনের কোনও কর্মসূচি করতে দেওয়া সম্ভব নয়। তাই অনুমতি দেওয়া হবে না।
এরপরই আদালতে মামলা দায়েরের অনুমতি চেয়েছিল এই মঞ্চ। তাঁদের যাতে কর্মসূচি করতে দেওয়া হয় সেই আর্জি জানিয়েছে তাঁরা। সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট।