
শেষ আপডেট: 8 December 2021 14:15
দ্য ওয়াল ব্যুরো: আকাশ থেকে আগুনের গোলার মতো চেহারা নিয়ে ভেঙে পড়েছিল সেনা কপ্টারটি। ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক এমআই ১৭-ভি৫ কপ্টারের জ্বলন্ত অবস্থা দেখে সকলেই শিউরে উঠেছিলেন। তার পরে উদ্ধারকাজের যে কটি ভিডিও সামনে আসে, দেখেই মালুম হয়, কারও প্রাণে বাঁচা কার্যত অসম্ভব! অসম্ভবকে সম্ভব করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একটি মাত্র মানুষ। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ।
বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও সাত জন প্রতিরক্ষা আধিকারিক ছিলেন ওই অভিশপ্ত কপ্টারে। ছিলেন আরও ৫ জন ক্রু সদস্য। ১৪ জনকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুর এলাকায় নীলগিরি পর্বতের উপর আছড়ে পড়ে কপ্টারটি। ১৩ জন মারা গিয়েছেন দগ্ধে। তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি একমাত্র বরুণ সিংহ। তাঁর শরীর মারাত্মক ভাবে দগ্ধে গেলেও প্রাণে বেঁচে গেছেন তিনি। অগস্ট মাসেই সাহসিকতার জন্য শৌর্য চক্র পুরস্কার পান তিনি। মাঝআকাশে এক বড় বিপদ সামলে তেজস কপ্টার দক্ষভাবে অবতরণ করিয়েছিলেন তিনি। আজ বেলা ১২টা ৪০-এর এই ভয়াবহ দুর্ঘটনার পরে বিকেল সাড়ে পাঁচটা নাগাদই খবর আসে, ১৩ জনেরই মৃত্যু হয়েছে বলে। মৃতের তালিকায় ছিলেন সস্ত্রীক বিপিন। দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন নেতা-মন্ত্রীরা প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেন। পাশাপাশি টুইটার ভেসে গিয়েছে গ্রুপ ক্যাপ্টেন বরুণের সুস্থতা কামনা করে। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলেই তাঁর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। সেনা সূত্রের খবর, এই কপ্টারে বিপিন রাওয়াত তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিডার, লেফটেনেন্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা, হাবিলদর সতপাল। এছাড়াও আরও পাঁচ জন ক্রু মেম্বার ছিলেন। তাঁদের মধ্যেই এক জন বরুণ সিং। অবিশ্বাস্য ভাবে প্রাণে বেঁচে গিয়েছেন এই যোদ্ধা। তাঁর সেরে উঠতেএখন কত সময় লাগে, তা ভবিষ্যৎই বলবে।