দ্য ওয়াল ব্যুরো : নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে আন্দোলনের মধ্যেই উলটো পথে হাঁটলেন মধ্যপ্রদেশের এক যুবক। তাঁর ধারণা, ওই আইন নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তাই নিজের বিয়ের কার্ডে তিনি আমন্ত্রিতদের আহ্বান জানিয়েছেন, 'সাপোর্ট এনআরসি।' নাগরিকত্ব আইন সমর্থন করুন। শনিবার তাঁর বিয়ে হয়েছে।
ওই যুবকের নাম প্রভাত গারেওয়াল। তিনি জানিয়েছেন, বিয়ের আসরেও যদি কোনও অতিথি নাগরিকত্ব আইন নিয়ে জানতে চান, তিনি বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত।
প্রভাত গারেওয়াল নরসিংহপুর জেলার কারেলি অঞ্চলের বাসিন্দা। তিনি বলেন, "নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে যেভাবে হিংসার আশ্রয় নেওয়া হয়েছে, তাতে আমি মর্মাহত। আমি মনে করি একবার কোনও আইন হয়ে গেলে তা মেনে চলা উচিত। মানুষের মধ্যে যাতে নাগরিকত্ব আইন নিয়ে সচেতনতা তৈরি হয়, সেজন্যই বিয়ের কার্ডে ওই স্লোগান ছাপিয়েছি।"