
শেষ আপডেট: 26 November 2023 16:09
দ্য ওয়াল ব্যুরো: এবার গ্যাস সিলিন্ডারের সঙ্গেই মিলবে আটা, ময়দা, চিনি সহ গৃহস্থালির হরেক জিনিস। ধরুন, আপনার রান্নার গ্যাস ফুরিয়েছে, সঙ্গে বাড়ন্ত মুদিখানার মালপত্রও। তাহলে গ্যাসের সিলিন্ডারের সঙ্গেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সেইসব জিনিসও। অর্থাৎ গ্যাসের ডেলিভারি যিনি করতে আসবেন তিনিই সবকিছু বাড়িতে দিয়ে যাবেন। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি এমনই চমক আনতে চলেছে!
দেশের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির সঙ্গে আইটিসি, ডাবরের মতো একাধিক সংস্থার চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। সেই সমস্ত সংস্থার বিভিন্ন পণ্যই এবার বিক্রি করতে চলেছেন গ্যাস ডেলিভারি ম্যানরা। সহজে বলতে গেলে, এখন থেকে আপনার বাড়িতে গ্যাসের সিলিন্ডার ডেলিভারি ম্যানের কাঁধে গ্যাসের সঙ্গেই হাতে আটা কিংবা বা বিস্কুটের প্যাকেটও দেখতে পাবেন!
রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির দাবি, এই চুক্তির ফলে আর্থিকভাবে তেল সংস্থাগুলি যেমন লাভবান হবে, একইসঙ্গে গ্যাস ডিলার, ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে ডেলিভারি বয়রাও অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন।
তেল সংস্থাগুলির এই আয় বাড়ানোর পদ্ধতি নিয়ে যদিও সন্তুষ্ট নন গ্যাস ডিলার বা ডেলিভারি ম্যানরা। তাঁদের বক্তব্য, এই চুক্তির ফলে আর্থিকভাবে তেল সংস্থাগুলি লাভবান হতে পারে। কিন্তু ডিলার বা ডেলিভারি ম্যানদের তেমনভাবে অতিরিক্ত আয়ের সুযোগ নেই। কারণ একজন গ্রাহক খোলা বাজারে যেখানে এমআরপির থেকে বেশ খানিকটা কম দামে জিনিসপত্র কিনতে পারেন, সেখানে প্যাকেটের গায়ে প্রিন্ট করা দিয়ে গ্যাস ডেলিভারি ম্যানদের কাছ থেকে সামগ্রী নিতে আগ্রহী হবেন না।
গ্যাস ডিলারদের আরও অভিযোগ, আর্থিক লাভের আশা না থাকলেও এই ধরনের পণ্যগুলির জন্য মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে রাখতে হবে। তাছাড়া গ্যাস সিলিন্ডার নেওয়ার পর ডেলিভারি ম্যানদের অন্য পণ্য বয়ে নিয়ে যাওয়ার সুযোগও অনেক কম থাকে। তাই সবমিলিয়ে আখেরে তেমন কোনও লাভ হবে না বলেই মত তাঁদের। ইতিমধ্যে নিজেদের সমস্ত সমস্যার কথা উচ্চতর কর্তৃপক্ষকে গ্যাস ডিলাররা জানিয়েছেন।