
শেষ আপডেট: 16 October 2023 15:55
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ৬দিনের নাতিকে বিক্রির অভিযোগে দিদিমাকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকেও উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, টাকার জন্যই মেয়ের অমতে সদ্যোজাত নাতিকে বিক্রি করে দিয়েছিল দিদিমা খালেদা বিবি। তার বাড়ি নদিয়ার শান্তিপুর থানার কারিগরপাড়ায়।
জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, খালেদা ওই শিশুটিকে বিক্রি করার জন্য সাবেরা বিবি নামে এক মহিলার সঙ্গে যোগাযোগ করেছিল। তাদের মধ্যে ৬০ হাজার টাকার চুক্তি হয়। এরপরে সাবেরা সেই শিশুটিকে নিয়ে তাঁর এক আত্মীয় সামিনা বিবিকে দিয়ে দেয়। পুলিশ খোঁজ খবর চালিয়ে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া থেকে শিশুটিকে উদ্ধার করে। এই ঘটনায় তিন মহিলাকেই গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের তিনজনকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছিল।
সংসারের নুন আনতে পান্তা ফুরোয়। তাই মেয়ে দ্বিতীয় সন্তানের মা হতেই সদ্যোজাতকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল খালেদা। গত ৯ তারিখ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে মেয়ে পুত্র সন্তানের জন্ম দিতেই শিশুটি বিক্রি করার জন্য সাবেরার সঙ্গে যোগাযোগ করে খালেদা। গত ১১ তারিখ সদ্যোজাতকে নিয়ে বাড়িতে ফেরেন খালেদার মেয়ে। সেই থেকেই মেয়েকে সন্তান বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিতে থাকে সে।
শিশুর মায়ের অভিযোগ, তিনি মায়ের কথায় রাজি হননি। তাই কাউকে কিছু না বলেই তাঁর সন্তানকে বিক্রি করে বেপাত্তা হয়ে যায় মা। এরপরে তিনি ভাইকে নিয়ে স্থানীয় পুলিশ ও কাউন্সিলরের দ্বারস্থ হন। পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত খালেদাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করেই সাবেরা ও সামিনার খোঁজ পায়।