দ্য ওয়াল ব্যুরো : লকডাউনে গত দেড় মাসের বেশি সময় ধরে থমকে আছে দেশের অর্থনীতি। এই অবস্থায় হোটেল ও সিগারেট শিল্পে অন্যতম বড় সংস্থা আইটিসি এবং দেশের অন্যতম প্রধান ঋণদাতা অ্যাক্সিস ব্যাঙ্কের পুরো শেয়ার বেচে ফেলতে চায় সরকার। আশা করা হচ্ছে, এর মাধ্যমে পাওয়া যাবে ২২ হাজার কোটি টাকা। অতিমহামারীর ফলে অর্থনীতির যা ক্ষতি হয়েছে, তা সামলে উঠতে সাহায্য করবে এই অর্থ।
একটি সূত্র থেকে জানা যায়, চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে সরকারের শেয়ারের হস্তান্তর সম্পূর্ণ হয়ে যাবে। ২০২০ সালের ৩১ মার্চের হিসাব অনুযায়ী, স্পেসিফায়েড আন্ডারটেকিং অব ইউনিট ট্রাস্ট অব ইন্ডিয়ার মাধ্যমে সরকার আইটিসি-র ৭.৯৪ শতাংশ ও অ্যাক্সিস ব্যাঙ্কের ৪.৬৯ শতাংশ শেয়ারের মালিক। অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারের দাম ধার্য করা হয়েছে ৩৮৯.২ টাকা। তা আগের চেয়ে ৩.৩৮ শতাংশ কম। গত তিন মাসে অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারের দাম কমেছে ৫৩ শতাংশ। কারণ বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, ব্যাঙ্কের অনাদায়ী ঋণের পরিমাণ আগামী দিনে বৃদ্ধি পাবে। মঙ্গলবার বাজার বন্ধের সময় আইটিসি-র শেয়ারের দাম ছিল ১৭৩.৯ টাকা। সরকারের কাছে আইটিসি ও অ্যাক্সিস ব্যাঙ্কের যে পরিমাণ শেয়ার আছে, তার মিলিত দাম হবে প্রায় ২২ হাজার কোটি টাকা।
বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করে ২ লক্ষ ১০ হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে সরকার। তার মধ্যে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের শেয়ার বেচে উঠবে ৯০ হাজার কোটি টাকা। যদিও ২০১৯-২০ সালে সরকার প্রত্যাশামতো বিলগ্নিকরণ করতে পারেনি। প্রথমে স্থির হয়েছিল, ওই আর্থিক বছরে বিলগ্নিকরণ করে ১ লক্ষ ৫ হাজার কোটি টাকা পাওয়া যাবে। পরে লক্ষ্যমাত্রা ৬৫ হাজার কোটিতে নামিয়ে আনা হয়।