
রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেষ আপডেট: 17 April 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: আগেই জানিয়েছিলেন, সুযোগ বুঝে মুর্শিদাবাদের (Murshidabad News) ঘরছাড়াদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor)। তার আগে বৃহস্পতিবার তাঁদের সঙ্গে একপ্রস্থ কথাবার্তা বলে নিলেন তিনি। ভবানীভবনের পর ঘরছাড়াদের নিয়ে এদিন রাজভবনে পৌঁছন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। দেখা করেন রাজ্যপালের সঙ্গে। ঘরছাড়াদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। জানিয়ে দেন মুর্শিদাবাদে যদি সত্যিই শান্তি ফিরে আসে, তাহলে তার থেকে ভাল খবর কিছু হতে পারে না। তাই সেখানের পরিস্থিতি সরেজমিনে দেখতে আজই রাতে মুর্শিদাবাদ রওনা দিচ্ছেন রাজ্যপাল।
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে (Waqf Amendment Act) তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা পড়েছে।
যদিও জানা গিয়েছে, গ্রাউন্ড জিরোয় গিয়ে সবকিছু খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবেন রাজ্যপালও। স্পষ্টতই জানান, "আমি একান্তই ব্যক্তিগত উদ্যোগে যাব। গোটা ঘটনার বাস্তবচিত্র চাক্ষুষ করতে যাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ভবিষ্যতে যাতে এহেন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আমাদের আরও কড়া পদক্ষেপ নিতে হবে। মুর্শিদাবাদের মানুষ সেখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প চেয়েছেন। তাও খতিয়ে দেখা হবে।"
আজ সুকান্তর সঙ্গে রাজভবনে এসেছিলেন তাপস রায় ও রূপা গাঙ্গোপাধ্যায়। তাঁদের সঙ্গে সেই মুর্শিদাবাদের সেই ঘরছাড়ারা। জানা গিয়েছে তাঁদের অভিজ্ঞতা, অনুযোগ সবটাই রাজ্যপাল শুনেছেন। রাজ্যপাল জানান, ঘরছাড়ারা তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। শুধুমাত্র তাঁদের সঙ্গে কথা বলতেই এদিনের যাবতীয় কর্মসূচি বাতিল করে তিনি রাজভবনে এসেছিলেন।
বিজেপি নেতৃত্বদের তরফে বলা হয়েছে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে। তাঁদের তরফে পরবর্তী কী পদক্ষেপ করা হবে তা আলোচনা করে জানানো হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার ওয়াকফ নিয়ে অশান্তি বাধে মুর্শিদাবাদে। মৃত্যু হয় তিনজনের। পুলিশের দাবি, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু অনেকেই ভয়ে ধুলিয়ান-সুতি থেকে পালিয়ে যান। তাঁরা প্রত্যেকেই অভিযোগ করেছিলেন, অত্যাচার করে ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গেলেও দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা।