
শেষ আপডেট: 8 October 2023 21:14
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিমানবন্দরে নেমে অর্থবহ ভাবে সাংবাদিকদের বোস জানালেন, তিনি রাত ১১ টা পর্যন্ত অফিসে থাকেন। যে কেউ চাইলে তাঁর সঙ্গে দেখা করতে পারেন।
রাজ্যপাল-তৃণমূল দ্বৈরথ তথা অচলাবস্থা কাটানো যে চেষ্টা শুরু হয়েছে তা শনিবার দ্য ওয়ালে লেখা হয়েছিল। দার্জিলিংয়ের রাজভবনে বসে আনন্দ বোস তৃণমূলের প্রতিনিধি দলকে জানিয়েছিলেন, তিনি রবিবার বা সোমবার কলকাতায় ফিরে আসবেন। সেই কথা রাজ্যপাল রেখেছেন।
আবার রাজ্যপাল কলকাতায় ফিরতেই ধর্না মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “রাজ্যপাল কলকাতায় ফিরেছেন। বিকেলের দিকে তাঁর শরীর খারাপ করেছিল শুনলাম। ওনার সুস্থতা কামনা করি”। অভিষেক আরও বলেন, “উনি ফিরে এসেছেন ভাল কথা। এবার আমাদের সঙ্গে দেখা করুন। মানুষের কথা শুনুন।”
রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতায় ফিরলেন। রাজভবনে ঢোকার মুখে সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন তিনি।#CVAnandaBose #Kolkata #TheWallBangla pic.twitter.com/8Pkmm8Q6BT
— The Wall (@TheWallTweets) October 8, 2023
রাজ্যপাল-তৃণমূল অচলাবস্থা কাটাতে ট্র্যাক টু আলোচনা শুরু হয়েছিল। রাজ্যপাল আর কতদিন দার্জিলিংয়ে বসে থাকবেন। তাঁকে কলকাতায় ফিরতেই হবে। রাজ্যের রাজ্যপাল হলে বোসের পক্ষে অনির্দিষ্ট কাল দার্জিলিং বা দিল্লিতে বসে থাকা শোভা পায় না। আবার পুজোর মুখে রাজভবনের সামনে দীর্ঘদিন তৃণমূলের ধর্না চালিয়ে যাওয়াও মুশকিল। ফলে বরফ গলানোর আগ্রহ ছিল দুই তরফেই।
রাজ্যপাল এদিন বলেছেন, যে কেউ তাঁর সঙ্গে দেখা করতে যেতেই পারে। পর্যবেক্ষকদের মতে, এ হল কথার কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ। প্রদীপ মজুমদার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় চাইলে তিনি তা দেওয়ারই কথা।
অনেকে মনে করছেন, এই দেখা সাক্ষাতের পর্ব সোমবার বিকেলে মিটে যেতে পারে। তা ছাড়া তৃণমূলও জানে, রাজ্যপালের প্রশাসনিক ক্ষমতা নেই। তাঁর সাংবিধানিক পদ অনেকটাই আলঙ্কারিক। তবে রাজ্যপালের সঙ্গে দেখা করে কেন্দ্রের কাছে বার্তা দিতে চায় তৃণমূল। এই সাক্ষাৎ অনেকটাই প্রতীকী। আপাতত সেই প্রতীকী সাক্ষাতের মধ্যে দিয়ে চলতি আন্দোলন শেষ হতে পারে। তবে পুজোর পর এ ব্যাপারে দলকে নতুন কর্মসূচি দিতে পারেন অভিষেক।