
শেষ আপডেট: 10 August 2023 15:32
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Governor CV Anand Bose) ছাত্র মৃত্যুর ঘটনায় চড়ছে উত্তেজনার পারদ। বুধবার রাতে হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Jadavpur University)।
প্রথমেই যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই হস্টেল পরিদর্শন করেন রাজ্যপাল। স্বপ্নদীপের বাবার সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। রাজ্যপালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের মুখে একটাই কথা, 'আমরা বিচার চাই।'
স্বপ্নদীপের মর্মান্তিক মৃত্যু নিয়ে তোলপাড় হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কীভাবে হস্টেলের বারান্দা থেকে পড়ে গেলেন স্বপ্নদীপ, তা নিয়েই রহস্য দানা বাঁধছে। কেউ বলছেন স্বপ্নদীপ ঝাঁপ দিয়েছেন, কেউ আবার বলছেন ভয়ঙ্কর র্যাগিংয়ের শিকার হয়েছেন তিনি।
এতকিছুর মধ্যে সঠিক কারণ কী সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। ক্যাম্পাসে বুধবার রাতে ঠিক কী হয়েছিল, সেই প্রশ্নের উত্তর এখনও নেই কারওর কাছেই। স্বপ্নদীপের 'রহস্য মৃত্যু'র দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন ছাত্র থেকে শিক্ষক সকলেই।
যাদবপুর কর্তৃপক্ষের থেকে ছেলের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন স্বপ্নদীপের বাবা-মা। কর্তৃপক্ষের থেকে তাঁদের জানানো হয়, স্বপ্নদীপ আত্মহত্যা করেছেন। কিন্তু সেই তত্ত্ব মানতে নারাজ স্বপ্নদীপের বাবা-মা। তাঁদের অভিযোগ, র্যাগিংয়ের বলি হয়েছে তাঁদের ১৮ বছরের ছেলে। বিশ্ববিদ্যালয়ের একাংশেরও তাই দাবি।
সময় যত এগোচ্ছে স্বপ্নদীপের মৃত্যু নিয়ে উত্তাল হয়ে উঠছে যাদবপুর ক্যাম্পাস। যাদবপুরের শিক্ষক সমিতি জুটা থেকে এসএফআই সকলেই 'বিচার' চাইছে। বৃহস্পতিবার সন্ধেবেলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে যান রাজ্যপাল, তারপর সেখান থেকে ক্যাম্পাসেও যান তিনি।
আরও পড়ুন: বিবস্ত্র অবস্থায় নীচে পড়েছিলেন স্বপ্নদীপ, দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি চাইছেন যাদবপুরের শিক্ষকরা