
সিভি আনন্দ বোস
শেষ আপডেট: 20 August 2024 16:20
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। ধর্ষণ-খুনের ঘটনায় বিচায় চেয়ে আন্দোলন তো হচ্ছেই, পাশাপাশি হাসপাতালে ভাঙচুরের ঘটনাতেও রাজ্য এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে রাজভবনে মোবাইল কন্ট্রোল রুম খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকে প্রথম ফোন তিনি করেছেন আরজি করের নির্যাতিতার বাবাকে। তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যপাল।
চিকিৎসক-পড়ুয়া ধর্ষণ, খুনের ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল শহর কলকাতা। জায়গায় জায়গায় প্রতিদিনই কোনও না কোনও বিক্ষোভ মিছিল বেরোচ্ছে। এই পরিস্থিতির মধ্যে যদি কারও কোনও অভিযোগ থাকে তাহলে ফোনে রাজভবনে জানাতে পারবেন জনতা। দুটি ফোন নম্বর রাজভবনের তরফে প্রকাশ করা হয়েছে যেগুলি হল ০৩৩২২০০১৬৪১ এবং ৯২৮৯০১০৬৮২। মঙ্গলবার এই কন্ট্রোল রুম থেকেই প্রথমবার নির্যাতিতার বাবাকে ফোন করেন রাজ্যপাল বোস।
Governor of West Bengal Dr C V Ananda Bose has opened a Mobile Control Room with numbers : 03322001641 and 92890 10682 for the ongoing agitation in connection with the alleged rape and murder of a 2nd year PGT female Resident Doctor of R. G. Kar Medical College and Hospital… pic.twitter.com/7wNhLALmdn
— Raj Bhavan Media Cell (@BengalGovernor) August 20, 2024
আরজি করের নির্যাতিতার বাড়ি যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন রাজ্যপাল। নির্যাতিতার বাবাকে তিনি ফোনে বলেন, ''আমরা সবাই আপনার সঙ্গে আছি, দোষীরা শাস্তি পাবেই। এই মুহূর্তে আমি দিল্লিতে আছি, রাজ্য ফিরে গিয়ে আপনার সঙ্গে দেখা করতে চাই।'' রাজ্যপাল তাঁকে আশ্বস্ত করেছেন, এই ঘটনার প্রেক্ষিতে তাঁরা রাজভবনের থেকে সবরকম সহায়তা পাবেন।
রাজ্যপালের এই দিল্লি সফর নিয়েও যথেষ্ট আলোচনা হয়েছে। আরজি কর কাণ্ডে প্রথম থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেছেন। মঙ্গলবার আবার সুপ্রিম কোর্ট আরজি কর মামলায় একাধিক নির্দেশ দিয়েছে। তারপর আরও কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। তাঁর কথায়, ''প্রত্যেক সন্ন্যাসীর যেমন অতীত থাকে, সব পাপীরও একটা ভবিষ্যৎ রয়েছে।'' সুপ্রিম কোর্টের নির্দেশের পর একটি ভিডিও বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন সিভি আনন্দ বোস।