দ্য ওয়াল ব্যুরো : মাদ্রাসা বা টোল চালানো ধর্মনিরপেক্ষ সরকারের কাজ হতে পারে না। সুতরাং আগামী ছ'মাসের মধ্যে অসমের সবক'টি সরকার পরিচালিত মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়া হবে। সেগুলিকে পরিণত করা হবে আধুনিক স্কুলে। বুধবার এমনই জানিয়েছেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
২০১৭ সালে অসমের বিজেপি সরকার মাদ্রাসা ও টোল বোর্ডের অবলুপ্তি ঘটায়। দু'টি বোর্ডকে মিশিয়ে দেয় সেকেন্ডারি বোর্ড অব অসমের সঙ্গে। এবার মাদ্রাসা ও টোল পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "কোনও ধর্মনিরপেক্ষ সরকার কেন ধর্মীয় শিক্ষা দেবে?"
পরে তিনি বলেন, "অসমে ১২০০ মাদ্রাসা আছে। সেই সঙ্গে আছে ২০০ সংস্কৃত টোল। তাদের জন্য কোনও স্বাধীন বোর্ড নেই। এর ফলে নানা সমস্যা হচ্ছে। টোল বা মাদ্রাসা থেকে যারা পাশ করে বেরোচ্ছে, তাদের ম্যাট্রিকুলেশন বা হায়ার সেকেন্ডারি পাশের সমতুল্য সার্টিফিকেট দিতে হচ্ছে। সেজন্যই সরকার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা ও টোলগুলিকে সাধারণ স্কুলে পরিণত করা হবে।"
অসমে বেসরকারি মাদ্রাসার সংখ্যা ২ হাজার। সেগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য আইন আসছে শীঘ্র। শিক্ষামন্ত্রী বলেন, "রাজ্য সরকার ধর্মনিরপেক্ষ। যে সংস্থাগুলি ধর্মীয় শিক্ষা দেয়, তাদের অনুদান দেওয়া সরকারের কাজ হতে পারে না। প্রাইভেট মাদ্রাসা ও টোল চালু থাকবে। কিন্তু তারা যাতে নির্দিষ্ট নিয়ম মেনে চলে সেজন্য আইন আনা হবে।"
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সরকার মনে করে কোনও শিশুরই সাধারণ শিক্ষা থেকে বঞ্চিত হওয়া উচিত নয়।