দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগেই ভোট। উনিশের লোকসভার সলতে পাকাতে শুরু করে দিয়েছেন দেশের শাসক দল এবং তামাম বিরোধীরা। ঠিক তখনই সংসদের বাদল অধিবেশনে আজ শুক্রবারের বার বেলায় অনুষ্ঠিত হবে আস্থা ভোট। রাজনৈতিক উত্তেজনায় ফুটছে দিল্লি।
শুক্রবার অধিবেশনের শুরুতেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে হবে আলোচনা। এরপর জবাবী ভাষণের পর হবে ভোটাভুটি।
এ দিন সাত সকালেই আস্থা ভোট নিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি সংসদের সমস্ত সহকর্মীদের উদ্দেশে আজকের দিনটিকে সংসদীয় গণতন্ত্রের উল্লেখ যোগ্য দিন বলে উল্লেখ করে বিস্তারিত এবং গঠনমূলক বিতর্কের আহ্বান জানান।
আস্থা ভোট নিয়ে ফুটছে লুটিয়েন দিল্লি। ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে এনডিএ-এর দীর্ঘদিনের শরিক শিবসেনা কোন দিকে ভোট দেবেন তা নিয়ে। বরফ গলাতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে বিজেপি সভাপতি অমিত শাহ ফোন করেছিলেন বলেও খবর ছড়িয়েছে। অন্যদিকে সমস্ত বিরোধীদের এককাট্টা করতে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস এবং চন্দ্রবাবু নায়ডুর তেলেগুদেশম পার্টি। রাজনৈতিক মহলের মতে, বিজেপি’র হাতে পর্যাপ্ত সংখ্যা রয়েছে। সরকার ফেলে দেওয়া কোনওভাবেই সম্ভব নয়। কিন্তু পর্যবেক্ষকদের একটি অংশের মতে, এনডিএ শরিকদের ধরাবাঁধা ভোট যদি অনাস্থার পক্ষে যায় তাহলে সেটাকেই তুলে ধরবেন বিরোধীরা।
https://twitter.com/narendramodi/status/1020127891986661376