আরও ৪৭টি অ্যাপ নিষিদ্ধ করছে কেন্দ্র, ফের চিনের উপরে 'ডিজিটাল স্ট্রাইক' ভারতের
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই ৫৯টি চিনা অ্যাপ ভারতে ব্লক করা হয়। এর পরে আরও চারটি অ্যাপ ব্লক করার ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এবার নতুন করে নিষিদ্ধ করা হচ্ছে আরও ৪৭টি অ্যাপ। কেন্দ্রের তরফে আগেই বলা হয়, দেশের নিরাপত্তার কারণেই এই সব
শেষ আপডেট: 26 July 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই ৫৯টি চিনা অ্যাপ ভারতে ব্লক করা হয়। এর পরে আরও চারটি অ্যাপ ব্লক করার ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এবার নতুন করে নিষিদ্ধ করা হচ্ছে আরও ৪৭টি অ্যাপ। কেন্দ্রের তরফে আগেই বলা হয়, দেশের নিরাপত্তার কারণেই এই সব অ্যাপ আর ভারতে ব্যবহার করা যাবে না। কারণ, অ্যাপ ব্যবহারকারীদের অনেক তথ্য হাতিয়ে নিতে পারে চিন। এবার যে ৪৭টি অ্যাপ কেন্দ্র নিষিদ্ধ করতে চলেছে তা এখনও ঘোষণা করা হয়নি। কোন কোন অ্যাপ নিষিদ্ধ হচ্ছে তাও জানা যায়নি। খবরে প্রকাশ, খুব শীঘ্রই তালিকা সহ এই ঘোষণা করতে চলেছে কেন্দ্র। খবরে আরও জানা গিয়েছে, মোট ২৫০টি অ্যাপের উপরে নজর রাখছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক।
https://twitter.com/DDNewslive/status/1287633089028530179
গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কর্নেল-সহ ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই কড়া পদক্ষেপ শুরু করে ভারত। চিনের বিভিন্ন সংস্থার বরাত সরকার বাতিল করার পাশাপাশি ২৯ জুন টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। নিষিদ্ধ হওয়া চিনা অ্যাপগুলির মধ্যে আছে খুবই জনপ্রিয় টিকটক, উইচ্যাট, শেয়ারইট এবং ইউসি ব্রাউজারও।
আরও পড়ুন
এর পরে গত ২৪ জুলাই Helo Lite, ShareIt Lite, Bigo Lite এবং VFY Lite ভারতে নিষিদ্ধ করা হয়। Helo, ShareIt, Bigo এবং VFY আগের ৫৯টি নিষিদ্ধ অ্যাপের তালিকাতেই ছিল। আগে মূল অ্যাপগুলি নিষিদ্ধ হলেও পরে জানা যায়, লাইটার ভার্সনগুলি দেশে কাজ করছে। সেটা জানার পরেই অ্যাপগুলির লাইটার ভার্সনগুলিও নিষিদ্ধ হয় দেশে।
নিষিদ্ধ হওয়ার আগে ভারত সরকারেরও একটি টিকটক অ্যাকাউন্ট ছিল। তার নাম ছিল মাইগভ। তার ফলোয়ার ছিল ১১ লক্ষ। সেই অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। সিনা ওয়েইবো নামে এক চিনা অ্যাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টও ডিলিট করে দেওয়া হয়েছে।