এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণে সায় সরকারের, প্রয়োজনীয় নথি প্রকাশ হবে এমাসেই
দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের প্রস্তাবে আজ সায় দিল কেন্দ্রীয় সরকার। এই মাসে প্রকাশ করা হবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সংক্রান্ত নথি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন কমিটি আজই ‘স্পেশাল পার্পাস ভেহিকল’-এ (এসভিপ
শেষ আপডেট: 7 January 2020 11:47
দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের প্রস্তাবে আজ সায় দিল কেন্দ্রীয় সরকার। এই মাসে প্রকাশ করা হবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সংক্রান্ত নথি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন কমিটি আজই ‘স্পেশাল পার্পাস ভেহিকল’-এ (এসভিপি) এয়ার ইন্ডিয়ার ঋণ ট্রান্সফার করার অনুমোদন দেয়।
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, “সমস্ত বাধাই আজ দূর করে দেওয়া হয়েছে, এমাসের মধ্যেই ইওআই প্রকাশ হয়ে যাবে। এয়ার ইন্ডিয়ার ঋণ ট্রান্সফার সংক্রান্ত সমস্ত বিষয় এসভিপিতে ট্রান্সফার করার প্রস্তাবেও সায় দিয়েছে এই কমিটি।” তিনি জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের পরবর্তী ধাপ হল ইওআই সংক্রান্ত নথি প্রকাশ করা। এর বেশি কিছু অবশ্য বলতে চাননি ওই আধিকারিক।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এই বৈঠকে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়ার একশো শতাংশ বিলগ্নিকরণ করতে চায় কেন্দ্রীয় সরকার। এয়ার ইন্ডিয়ার ঋণ মেটাতে ইতিমধ্যেই এসভিপিতে ২৯,০০০ কোটি টাকা জমা করেছে কেন্দ্রীয় সরকার।

গত বছরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, চলতি অর্থবর্ষেই এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রলিয়ামের বিলগ্নিকরণ হবে। তিনি বলেছিলেন, “আমরা এ নিয়ে এগোচ্ছি, আশা করছি এই অর্থবর্ষের মধ্যেই কাজ সম্পূর্ণ করতে পারব।” সেই পথে এগিয়েই জানুয়ারির গোড়াতেই পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।
রাষ্ট্রায়ত্ত সংস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার নিয়ে তখনই নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, চলতি অর্থবর্ষে সরকার এই প্রতিষ্ঠানগুলি থেকে এক লক্ষ কোটি টাকা তুলতে চায়।
তিনি দাবি করেন, এয়ার ইন্ডিয়া নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিপুল উৎসাহ দেখেছেন। আন্তর্জাতিক রোড-শোতেও এ নিয়ে উৎসাহ দেখেছেন অনেকে। যদিও ক্রমাগত লোকসানে চলা এই সংস্থা বিক্রি করতে গিয়ে আগে ধাক্কা খেয়েছে সরকার। এখন কোষাগারের অবস্থা শোচনীয়। এই অবস্থায় সরকার চাইছে অর্থের সংস্থান করতে।
সীতারমণ জানান, আর্থিক শ্লথগতি কাটিয়ে বেরিয়ে আসার জন্য সরকার সময়োচিত পদক্ষেপই করছে, যে সব ক্ষেত্র সমস্যায় পড়েছিল, তারা ক্রমেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে। বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত শিল্পপতিরা নতুন করে বিনিয়োগ টানার ব্যাপারে কাজ শুরু করে দিয়েছেন। নতুন বছরের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিনিয়োগকারীদের আশার কথা শুনিয়েছেন। এখন দেখার, এয়ার ইন্ডিয়া বিলগ্নিকরণে সরকার কতটা সাড়া পায় এবং বাস্তবে বিনিয়োগকারীদের জন্য সরকার কী করে।