
শেষ আপডেট: 10 July 2022 05:48
দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার (Sri Lanka) রাষ্ট্রপতি গোটাবায়ে রাজাপক্ষের (Gotabaya Rajapaksa) বাসভবনে বিরল দৃশ্য তৈরি হয়েছিল্প শনিবার। দেশের জনগণ একত্রিত হয়ে সেই বাড়িতে ঢুকে পড়েছিলেন একসঙ্গে। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তাঁরা মুখর হয়ে উঠেছিলেন। আর জনতার এই রুদ্ররোষের সামনাসামনি আসতে না পেরে পালিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি।
তারপর থেকেই নাকি তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি এখন ঠিক কোথায় রয়েছেন, কেউ জানে না। শনিবারই শোনা গিয়েছিল দেশের নৌসেনার জাহাজে আশ্রয় নিয়েছেন রাজাপক্ষে। আগামী বুধবারই পদত্যাগ করবেন তিনি। শোনা গেছিল, যতদিন না দেশের পরিস্থিতি শান্ত হচ্ছে, যতদিন না দেশে ফেরা তাঁর পক্ষে নিরাপদ, ততদিন নৌসেনার জাহাজে সমুদ্রেই থাকবেন রাজাপক্ষে। কিন্তু বর্তমানে তিনি কোথায়, সে বিষয়ে সঠিক তথ্য নেই কারও কাছে।
স্বস্তিতে নেই শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী বিক্রমসিংহও। তাঁর বাড়িতে উত্তেজিত জনতা শনিবার রাতে আগুন ধরিয়ে দিয়েছে। তিনিও পালিয়েছেন, দিয়েছেন ইস্তফাও।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, রাষ্ট্রপতি রাজাপক্ষের বাড়িতে লোক ঢুকে পড়ার পর একজনের সঙ্গেই আনুষ্ঠানিকভাবে কথোপকথন হয়েছে তাঁর। তিনি হলেন পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেইওয়ারদেনা। তিনি শনিবার রাতে জানিয়েছিলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন আগামী বুধবার।
এদিকে প্রেসিন্ডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনেরই অনুপস্থিতিতে কার্যনির্বাহী রাষ্ট্রপতির ভূমিকায় দেখা যাবে স্পিকার আবেইওয়ারদেনাকে। এরপর দেশের সাংসদদের মধ্যে একটি ভোটাভুটির ব্যবস্থা অবশ্যই করতে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য।
শ্রীলঙ্কা গত কয়েক মাস ধরে তুমুল অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে এগোচ্ছে। সে দেশ জ্বালানিশূন্য। শ্রীলঙ্কায় কোনও গাড়িই চলছে না। তবু শাসকের প্রতি ক্ষোভে পায়ে হেঁটেই শনিবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছিল হাজার হাজার মানুষ। পালিয়ে যেতে বাধ্য হয়েছেন রাজাপক্ষে। প্রধানমন্ত্রী বাধ্য হয়েছেন ইস্তফা দিতে। এই পরিস্থিতিতে ভারতের এই পড়শি দ্বীপরাষ্ট্রের ভবিষ্যৎ কী? সেটাই দেখার।
আরও পড়ুন: পালিয়ে নৌসেনার জাহাজে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, সমুদ্রেই কাটাবেন দিন!