দ্য ওয়াল ব্যুরো : প্রতিটি বড় প্রযুক্তি সংস্থাই 'বাগ বাউন্টি প্রোগ্রাম' (Bug Bounty Programme) নামে একটি কর্মসূচি চালায়। কেউ যদি সংশ্লিষ্ট সংস্থার তৈরি সফটওয়ারে (Software) দুর্বলতা খুঁজে বার করতে পারেন, বাগ বাউন্টি প্রোগ্রামের অধীনে তাঁকে পুরস্কার দেওয়া হয়। কারণ তিনি সংস্থার তৈরি সফটওয়ারকে আরও নিরাপদ করে তুলতে সাহায্য করেছেন। বিখ্যাত প্রযুক্তি সংস্থা গুগলও (Google) চালায় বাগ বাউন্টি প্রোগ্রাম। সম্প্রতি গুগলের অ্যান্ড্রয়েডে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ধরে দেওয়ার জন্য এক ভারতীয় গবেষককে ধন্যবাদ জানিয়েছে গুগল। তাঁর নাম আমন পাণ্ডে।
গুগল তার ব্লগ স্পটে জানিয়েছে, 'বাগসমিরর' টিমের গবেষক আমন অ্যান্ড্রয়েডের নানা দুর্বলতা চিহ্নিত করেছেন। ২০২১ সাল পর্যন্ত তিনি অ্যান্ডয়েডের মোট ২৩২ টি দুর্বলতা দেখিয়ে দেন। গুগলের ভালনারেবিলিটি রিওয়ার্ডস টিমের তরফে সারা জ্যাকোবাস জানিয়েছেন, "২০১৯ সালে আমন প্রথমবার অ্যান্ড্রয়েডে একটি দুর্বলতা চিহ্নিত করেন। তার পর থেকে তিনি নিয়মিত অ্যান্ডয়েডকে আরও সুরক্ষিত করে তুলতে সাহায্য করেছেন।"
বাগসমিরর-এর সাইটে জানানো হয়েছে, তাদের অফিস ইন্দোরে অবস্থিত। ২০২১ সালে ওই সংস্থা নথিভুক্ত করা হয়। আমন এনআইটি ভোপালে পড়াশোনা করেছেন। তিনি বাগসমিরর সংস্থার সিইও। গত তিন বছরে বেশ কয়েকটি সিকিউরিটি প্রজেক্ট নিয়ে কাজ করেছে ওই সংস্থা।
নিরাপত্তায় ত্রুটি ধরিয়ে দেওয়া জন্য ৮৭ লক্ষ ডলার পুরস্কার দিয়েছে গুগল। ভারতীয় মুদ্রায় ওই অর্থের পরিমাণ ৬৫ কোটি টাকারও বেশি। গুগল জানায়, বাগসমিরর এখনও পর্যন্ত গুগল ক্রোম, গুগল অ্যান্ড্রয়েড ও গুগল প্লে-র মধ্যে নানা ত্রুটি আবিষ্কার করেছে। তার মধ্যে গুগল অ্যান্ড্রয়েডেই দুর্বলতা ধরা পড়েছে সবচেয়ে বেশি।