
শেষ আপডেট: 23 March 2023 10:12
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মন্দার জেরে একের পর এক কোম্পানি কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। খরচ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে, কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়। অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে শুরু করে ফেসবুক, গুগলে (Google) হয়েছে দেদার ছাঁটাই। এক ধাক্কায় গুগলের ১২ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। এবার গুগলের কর্মীরাই কোম্পানির সিইওকে চিঠি দিলেন। গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেটের শীর্ষ কর্তা সুন্দর পিচাইকে (Sundar Pichai) খোলা চিঠি লিখলেন তাঁরা।
কী বললেন কর্মীরা?
কোম্পানি যে এই বিপুল কর্মী ছাঁটাই করেছে, ভবিষ্যতে তাঁদের কথা ভাবা উচিত। যদি আগামীদিনে আবার নিয়োগ শুরু হয় তখন যেন চাকরিহারারা আগে সুযোগ পান, এমনই আর্জি জানিয়েছেন তাঁরা। খোলা চিঠিতে তুলে ধরা হয়েছে আরও একাধিক বিষয়।
সংবাদসংস্থা সূত্রে খবর, সেই চিঠিতে আবেদন জানানো হয়েছে, কর্মী ছাঁটাইয়ের প্রভাব যেন ইউক্রেনের মতো দেশগুলিতে না পড়ে। মানবিক দৃষ্টিকোণ থেকে যেন বিষয়টি বিচার করা হয় কারণ ওইসব দেশের অবস্থা খুবই খারাপ। আরও বলা হয়েছে কোনও কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিলে সবাইকে যেন সম্পূর্ণ নোটিস পিরিয়ড দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০ জানুয়ারি সুন্দর পিচাই ঘোষণা করেন, কোম্পানির খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যালফাবেট। একটি ইমেল পাঠিয়ে ছাঁটাইয়ের কথা কর্মীদের জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত কার্যকরী হলে দেখা যায় রাতারাতি চাকরি হারিয়েছেন ১২ হাজার কর্মী।
প্রিন্টার থেকে বেরোচ্ছে রকেট! বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড মহাকাশযান উড়ল আকাশে