দ্য ওয়াল ব্যুরো : ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতার পরে মুষড়ে পড়েছিলেন গুগল কোম্পানির কর্মীরা। বিদেশী কর্মীরা তো ভয়ই পেয়েছিলেন রীতিমতো। কেননা ট্রাম্প ঘোষণা করেছিলেন, অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতি নেবেন। এই অবস্থায় গুগলের এক্সিকিউটিভরা মিটিং করে কর্মীদের বুঝিয়েছিলেন, ভয়ের কিছু নেই।
সেই মিটিংয়ের ভিডিও প্রকাশ করেছে এক নিউজ সাইট। তার পরেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে আমেরিকায়। রিপাবলিকানরা বলেছেন, আমরা আগেই জানতাম, গুগল ট্রাম্পের বিরোধী। এই ভিডিওয় সেকথাই প্রমাণিত হল।
গত অগাস্টে ট্রাম্প অভিযোগ করেছিলেন, গুগল কৌশলে কনজারভেটিভদের বিরোধী খবরগুলি বেশি করে দেখাচ্ছে। সম্প্রতি কয়েকজন কনজারভেটিভ নেতা বলেছিলেন, রাজনৈতিক মতামতের জন্য গুগলকে ক্যাপিটল হিলে এসে জবাবদিহি করতে হবে। এর পরেই ব্রেইটবার্ট নামে এক দক্ষিণপন্থী ঘেঁষা সাইটে গুগল অফিসের এক ঘন্টার ভিডিও প্রকাশিত হয়েছে। ট্রাম্পের ক্যাম্পেন ম্যানেজার ব্র্যাড পারস্কালে বলেছেন, গুগল কেন সাধারণতন্ত্রের পক্ষে বিপজ্জনক নয়, তা তাদেরই ব্যাখ্যা করতে হবে।
তার জবাবে গুগলের রিভা সেউটো বলেছেন, গত ২০ বছর ধরে গুগলের মিটিংয়ে সবাই খোলাখুলি মতামত দেয়। আমরা কাউকে রাজনৈতিকভাবে প্রভাবিত করি না।
https://twitter.com/parscale/status/1039980750500704261